চার ফটোকপি ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেন্দ্রের পাশে ফটোকপি করার দায়ে চার ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ।
সাজাপ্রাপ্তদের মধ্যে নগরকান্দা মহল্লার সিরাজুল ইসলাম (৪৫) ও জুগুরদী মহল্লার তারেক হোসেনকে (২৬) ২ হাজার ৫০০ টাকা করে এবং ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়ি গ্রামের মাসুদ মিয়া (৪৩) ও উপজেলার মধ্য জগদিয়া মহল্লার মো. শাহজাহানকে (১৯) ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার দত্ত জানান, সকালে আটক করার পর দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
নির্বাহী হাকিম মো. আবদুল আজিজ বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাঁদের জরিমানা করা হয়।