২০১০ সালের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের ভৈরব নদ খননের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির চার বছরেও খনন প্রকল্প বাস্তবায়ন হয়নি। উল্টো দখলদারেরা শহরের ভেতর দিয়ে প্রবাহিত এই নদের বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ করছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভৈরব নদ খননের ঘোষণা দেন। এরপর ২০১১ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কাছেও ওই চিঠির অনুলিপি দেওয়া হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়।
প্রকল্পের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘দেড় বছর ধরে চালানো সমীক্ষা যাচাই-বাছাই শেষে যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পর্যন্ত ৯০ কিলোমিটার নদ খননের জন্য ৩৪২ কোটি টাকা ব্যয় ধরে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। গত সোমবার প্রস্তাবটি পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করা হবে। পরের মাসে সেটি একনেকে ওঠানোর ব্যবস্থা করা হবে।’
পাউবো ও স্থানীয় সূত্র আরও জানায়, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা শহরের বাবলাতলা সেতুর পাশ থেকে সদর উপজেলার পাগলাদাহ গ্রাম পর্যন্ত অন্তত আট কিলোমিটার নদের মধ্যে আড়াআড়িভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছের চাষ করছেন। এ ছাড়া শহরের প্রাণকেন্দ্রে দড়াটানা সেতুর দুই দিকে নদের দুই তীর দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালীরা। যশোরের জেলা প্রশাসনের দপ্তর থেকে ইতিমধ্যে ৪০ দখলদারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ দখলদারদের মধ্যে আটজন ইতিমধ্যে হাল মাঠ জরিপের সময় নদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। ওই রেকর্ড কাটানোর জন্য দখলদারদের বিবাদী করে জেলা প্রশাসক ইতিমধ্যে সেটেলমেন্টে আটটি মামলা দায়ের করেছেন।
ওই দখলদারেরা হলেন হাসান বুক ডিপোর স্বত্বাধিকারী আবদুল মতিন, আবুল কাসেম সরকার ও আবুল কালাম সরকার; সাহেবজান বেডিংয়ের মির্জা আমানুল্লাহ বেগ, সামসুদ্দিন ও মো. শাকিল; শহরের পুরাতন কসবা এলাকার আবদুল মতিন ও আহাদ আলী; মোমিন নগর গ্রামের আবদুর রাজ্জাক, আসাদ হোসেন শেখ ও নাসির উদ্দীন। নদের তীরে এঁদের সবারই ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া নদের জমি ভোগদখলে রয়েছেন অন্তত আরও ৩০ জন।
ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, এই নদ সচল না থাকলে বর্ষা মৌসুমে গোটা শহর জলাবদ্ধ হবে। শুষ্ক মৌসুমে কোথাও পানি পাওয়া যাবে না। এতে পরিবেশের বিপর্যয় ঘটবে। কিন্তু এ ব্যাপারে সরকারের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, ‘যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা ব্যবস্থা নেব।’