চার বছরের শিশু খুন, কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় চার বছরের এক মেয়েশিশু খুন হয়েছে। গত বুধবার গভীর রাতে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে তিস্তা নদী থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটির নাম সুখমণি। সে উপজেলার দক্ষিণ বালাপাড়া গুচ্ছগ্রামের ইনছান আলীর মেয়ে। মারা যাওয়া কৃষকের নাম তসলিম উদ্দিন (৫০)। বাড়ি উপজেলার পশ্চিম খড়িবাড়ী গ্রামে। পুলিশের ধারণা, তিনি পানিতে ডুবে মারা গেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুখমণি বুধবার সকালে বাড়ির পাশের খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। এরপর রাত ১০টার দিকে একই গ্রামের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা লাশ দেখতে পান গ্রামবাসী। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
এদিকে গতকাল সকালে উপজেলার তিস্তা বাজারের অদূরে তিস্তা নদী থেকে কৃষক তসলিম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বুধবার দুপুরে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কথা ছিল ঘাস কাটা শেষে নদীতে মাছ ধরে সন্ধ্যার আগে বাড়ি ফিরবেন। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকালে নদীতে তাঁর লাশ পাওয়া যায়।