চার বছরের শিশু ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চার বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার এক যুবককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় চার-পাঁচটি শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে একটি শিশুকে পাশের পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন ওই যুবক। চিৎকার শুনে শিশুটির দাদি ও কয়েকজন প্রতিবেশী সেখানে যান। এ সময় ওই যুবক পালিয়ে যান। শিশুটিকে রাতে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির বাবা রাতে এ ঘটনার কথা মৌখিকভাবে ধরমপাশা থানার পুলিশকে জানান। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের একটি গ্রাম থেকে ওই যুবককে পুলিশ আটক করে। সন্ধ্যায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শিশুটির বাবা গতকাল বলেন, ‘কিতা কইতাম। আমি এই ঘটনাডায় ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ জানতে চাইলে ওই যুবক প্রথম আলোকে বলেন, ‘আমি ভুল কইরা লাইছি। আমারে আর কুনুস্তা জিগাইয়েন না।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মিলেছে। মামলার তদন্ত চলছে।