চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামে শুভ মিয়া নামের চার বছরের এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের দুই দিন পর গত বুধবার রাতে বালাপাড়া গ্রামের বিল থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ।
শিশু শুভকে অপহরণ ও তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ওই মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারের ছেলে শুভকে বাড়ির উঠান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে শুভর বাবার কাছে মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা, অন্যথায় তাঁর ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শুভর বাবা ওই দিনই রাতে থানায় অপহরণ মামলা করেন।
ওসি জানান, পুলিশের পরামর্শমতো শুভর বাবা বুধবার সকালে মুঠোফোনে অপহরণকারীদের টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাঁর বাড়িতে ডেকে আনেন। এ সময় পুলিশ বাড়ি ঘেরাও করে সাতজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন একই ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের কবির মিয়া (২০), হারুন মিয়া (২১), সুমন মিয়া (২৫), রবিনহুড (৩৫), নিজাম খাঁ গ্রামের মোস্তাফিজার রহমান (৩৬), জুয়েল চন্দ্র (২৪) ও সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ এলাকার কুমার সাহা (৩০)। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় বালাপাড়া গ্রামের মিল্টন মিয়া (৩৫) ও লাভলু মিয়াকে (৩৮)।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত আটটার দিকে বালাপাড়া গ্রামের বিল থেকে শুভর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুভর বাবা এ ঘটনায় হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কবির মিয়া ও লাভলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল সুন্দরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য জানা যাবে।