
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন দিয়াবাড়িতে খাদিজা জান্নাত নামের চার বছরের শিশুকে নৃশংসভাবে খুন করা হয়েছে। গত বুধবার গভীর রাতে পুলিশ তাদের পাশের এক বাসায় ফল রাখার ক্রেট থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে এক কিশোর (১৪) ও তার মাকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, কিশোরটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শিশু খাদিজা মা-বাবার সঙ্গে ছোট দিয়াবাড়ির একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকত। গতকাল দুপুরে খাদিজাদের বাসায় গিয়ে কান্নার রোল শোনা যায়। মেয়ের শোকে শয্যাশায়ী পারভীন বেগমকে সান্ত্বনা দিচ্ছিলেন স্বজনেরা। খাদিজার বাবা বালুবাহী কার্গোর সুকানি মাসুম বাহাদুর শোকে পাগলপ্রায়।
অস্পষ্ট কণ্ঠে পারভীন প্রথম আলোকে বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে খাদিজা খেলার কথা বলে বাসা থেকে বের হয়। সন্ধ্যায়ও সে ফিরে আসেনি। এরপর বাড়ির সব বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়ের সন্ধান পাননি। তিনি হত্যাকারীর ফাঁসি দাবি করেন।
খাদিজার মামা আলী আকবর হোসেন বলেন, খবর পেয়ে তিনি বুধবার সন্ধ্যায় দিয়াবাড়িতে আসেন। তাঁরা সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও খাদিজাকে পাননি। পরে খাদিজার বাবা দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত একটার দিকে পুলিশ এসে ওই বাড়ির সব বাসা তল্লাশি শুরু করে। এ সময় অভিযুক্ত কিশোরটির বাবা সিঁড়িতে ওঠা-নামা করছিলেন। একপর্যায়ে তিনি পুলিশকে তাঁর বাসার বারান্দায় রক্ত দেখার কথা জানান। এতে পুলিশ তাঁদের বারান্দায় তল্লাশি করে ফলের ক্রেটের ওপর থাকা হাঁড়ি-পাতিল ও বালতি সরিয়ে নীল রঙের লুঙ্গি প্যাঁচানো অবস্থায় শিশু খাদিজার রক্তাক্ত লাশ পায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
আলী আকবর বলেন, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ওই কিশোর সন্ধ্যায় খাদিজার মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি মাইকে প্রচার করে।
খাদিজার বোন মনে করছেন, খাদিজাকে ধর্ষণ করেছিল ওই কিশোর। ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় তাকে নৃশংসভাবে খুন করেছে। ওই কিশোরদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, খাদিজা ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা নির্ণয়ের জন্য আলামত মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, ওই কিশোরদের বাসার ওয়ার্ডরোব থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। আটক কিশোরও হত্যার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে বলেছে, কবুতর পালন করা নিয়ে খাদিজার ভাই পারভেজ কিছুদিন আগে তাকে মারধর করেছিল। এর প্রতিশোধ নিতে খাদিজাকে তাদের বাসায় ডেকে নিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। খাদিজা নিস্তেজ হয়ে পড়লে তার গলা, হাত ও পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার মা ঘটনার সময় বাইরে ছিলেন। পরে তিনি এসে জানতে পারেন।
অবশ্য কিশোরের দাবি অস্বীকার করে পারভেজ বলেন, কবুতর নিয়ে তার সঙ্গে বিরোধ নেই বা তাকে মারধরও করেননি।
দারুস সালাম থানার পুলিশ বলেছে, গতকাল খাদিজার বাবা ওই কিশোর ও তার মাকে আসামি করে হত্যা মামলা করেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি: ওই কিশোরকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠান। পুলিশ ওই কিশোরের মাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।