চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী যুবককে আটকের চেষ্টা চলছে।

ওই যুবকের নাম খোকন। সে স্থানীয় একটি হোটেলে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে।

শিশুটির পরিবার ও সলঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে খোকন মুঠোফোন চার্জ দেওয়ার কথা বলে তাদের বাড়িতে আসে। এ সময় শিশুটি ঘরের মধ্যে খেলা করছিল। বাড়ির লোকজনের অগোচরে খোকন শিশুটিকে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটি চিৎকার করে ওঠে। শিশুটির মা ছুটে এলে খোকন দৌড়ে পালিয়ে যায়। শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বুধবার সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মহিলা ও প্রসূতিসেবা বিভাগের চিকিৎসক আঞ্জুমান আরা বকুল জানান, শিশুটির চিকিৎসা চলছে। শিশুটিকে শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় আলামত পাওয়া গেছে।

স্থানীয় একাধিক মানবাধিকারকর্মী খোকনকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

পরিবার বলছে, শিশুটি আরেকটু সুস্থ হলেই থানায় মামলা করা হবে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক আজ শুক্রবার সকালে জানান, খোকনকে আটক করার চেষ্টা চলছে। খোকনের বাড়ির কাউকে পাওয়া যায়নি।