চার বছরের শিশুকে হত্যা করেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার বছরের শিশু ইমরানকে হত্যার কথা স্বীকার করেছেন তার বাবা কাশেম মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাকুন্দিয়ার আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মতিয়ুর রহমান বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কাশেমকে গতকাল (রোববার) কারাগারে পাঠানো হয়।
এসআই মতিয়ুর বলেন, রোববার দুপুরে কাশেমকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জগলুল হকের আদালতে হাজির করা হয়। এ সময় কাশেম ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন, স্ত্রী মরিয়মের সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়ার কারণে রাগের মাথায় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঘরে থাকা ধান কাটার কাস্তে দিয়ে নিজেই সন্তানকে জবাই করে মেঝেতে পুঁতে রাখেন।
পাকুন্দিয়া উপজেলায় শনিবার দুপুরে ঘরের মাটি খুঁড়ে মো. ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে পুলিশ তার বাবাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার জুনাইল গ্রামের রিকশাচালক কাশেম মিয়ার সন্তান ইমরান। কাশেম মাদকাসক্ত। এ জন্য সাংসারিক কাজে তাঁর মনোযোগ ছিল না। ফলে সংসারে অভাব লেগে ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। এ কারণে কিছুদিন আগে স্ত্রী মরিয়ম আক্তার মেয়েকে নিয়ে ঢাকায় চলে যান। অন্যদিকে শিশু ইমরান পাশের গ্রামে তাঁর দাদা সুলতান মিয়ার বাড়িতে থাকতে শুরু করে। গত বৃহস্পতিবার কাশেম বাবার কাছে যান। ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে তিনি ইমরানকে সেখান থেকে নিয়ে চলে আসেন। এরপর থেকে ইমরানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে কাশেমও ইমরানকে নিয়ে ঢাকায় যাননি। এতে ইমরানের দাদার বাড়ির লোকজনের সন্দেহ হয়। শনিবার দুপুরে ইমরানের দাদা সুলতান মিয়া ইমরানকে খুঁজতে কাশেমের বাড়িতে যান। সেখানে একটি পরিত্যক্ত ঘরে দুর্গন্ধ পান তিনি। এরপর তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের মাটি খুঁড়ে ইমরানের লাশ উদ্ধার করে। পরে শিশুটির বাবা কাশেমকে আটক করে পুলিশ।