চার বছরের শিশুকে হত্যা, চোখ উৎপাটন
নাম তার পরশ লাল সাহা। বাবা-মা স্নেহভরে ডাকতেন স্পর্শ। বয়স চার বছর। গত বুধবার ছিল তার জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে সাজ সাজ রব। কিন্তু দুর্বৃত্তরা কৌশলে তাকে অপহরণ করে। পরে গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশের একটি বাগানে পাওয়া যায় স্পর্শের লাশ। দুর্বৃত্তরা ছোট্ট এই শিশুটির চোখ দুটি তুলে ফেলে। আর মুখে গুঁজে দেয় মাটি।
স্পর্শ দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের কাদিমনগর এলাকার কেশব চন্দ্র সাহা ও পারুল সাহার একমাত্র সন্তান। তাকে হারিয়ে বাবা-মা শোকে মুহ্যমান, বাকরুদ্ধ।
অপহরণ ও হত্যার এই ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজন পাঁচজনের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্পর্শের বাবা কেশব চন্দ্র প্রথম আলোকে বলেন, জন্মদিনের আয়োজন নিয়ে বাড়ির সবাই ব্যস্ত ছিলেন। এর এক ফাঁকে স্পর্শ বাড়ির পাশে মন্দির প্রাঙ্গণে খেলা করতে যায়। পরে আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে প্রতিবেশীরা তাঁকে জানান, একই এলাকার জিল্লুর রহমান স্পর্শকে নিয়ে লালদহ বিলের দিকে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তিনি বিষয়টি বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে ঘোড়াঘাট থানাকে অবহিত করেন। এ সময় ঘোড়াঘাট বাজারে মাইকিং করে জিল্লুরকে ডাকা হয়। একপর্যায়ে এলাকাবাসী জিল্লুরকে বাজার থেকে আটক করে থানায় নিয়ে যায়।
কেশব চন্দ্র আরও বলেন, জিল্লুর ও তাঁর তিন বন্ধু সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু টাকা জোগাড় করতে না পেরে যেতে পারেননি। হয়তো মুক্তিপণের আশায় তাঁর ছেলেকে অপহরণ করেন। পরে এমন নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিল্লুর অসংলগ্ন কথা বলেন। রাতেই কেশব চন্দ্র কাদিমনগর গ্রামের জিল্লুর রহমান (২০) ও তাঁর মা শেফালী বেগম (৩৭) এবং মো. মামুন (২০), ইব্রাহীম (২০), ফিরোজ কবির (২০), নূরবানু (৪৫) ও উদয়ধুল গ্রামের বুলেটের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়।
রাতেই দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি দল এবং ঘোড়াঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে মামুন, ইব্রাহীম, নূরবানু, শেফালী বেগম, সাগর ও কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ ছাড়া সকাল নয়টার দিকে নিজ বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি আমবাগানে স্পর্শের লাশ পাওয়া যায়। তার দুটি চোখ উপড়ানো ছিল। মুখে মাটি ভরে দিয়েছিল খুনিরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্পর্শের লাশ উদ্ধারের খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী জিল্লুর, বুলেট ও মামুনের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। প্রতিবেশী গৌতম চন্দ্র সাহার বাড়িঘর ভাঙচুর করে এবং মুরগির খামারে আগুন ধরিয়ে দেয়। জিল্লুর আগে এই খামারে কাজ করতেন। পরে বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি নুরুজ্জামান আরও বলেন, আদালতের মাধ্যমে সাতজনকেই সাত দিনের রিমান্ডে আনা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্পর্শের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।