চার বাংলাদেশির কারাদণ্ড সিঙ্গাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে দণ্ডিত চার প্রবাসী বাংলাদেশিকে বহনকারী পুলিশের সাঁজোয়া যান। আদালতের বাইরে থেকে তোলা ছবি l এএফপি
জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে দণ্ডিত চার প্রবাসী বাংলাদেশিকে বহনকারী পুলিশের সাঁজোয়া যান। আদালতের বাইরে থেকে তোলা ছবি l এএফপি

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরের আদালত দোষী সাব্যস্ত চার বাংলাদেশিকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির একটি আদালত এ দণ্ড ঘোষণা করেন। সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস এবং বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সে এ তথ্য জানা গেছে।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবাথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩১) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। এর মধ্যে দলটির নেতা মিজানুরকে ৬০ মাস বা পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রুবেল ও জাবাথকে ৩০ মাস এবং সোহেলকে ২৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ২৭ মে থেকে এই দণ্ড কার্যকর বলে ধরা হবে। ওই দিন আসামিদের আদালতে তোলা হয়েছিল।
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) এ বছরের এপ্রিলে আট বাংলাদেশিকে আটক করা হয়। এর মধ্যে এই চারজন আছেন। ৩১ মে এই চার আসামি আদালতে তাঁদের দোষ স্বীকার করেন। এই চার বাংলাদেশির সবাই শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন। এঁদের মধ্যে মিজানুর মাঝারি মানের দক্ষ কর্মী, অন্যরা সবাই আধা দক্ষ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে ছিলেন।
সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস লিখেছে, সিঙ্গাপুরের টেররিজম (সাপ্রেসিং অব ফাইন্যান্সিং) অ্যাক্টের অধীনে এই বাংলাদেশিদের আটক করা হয়। গতকাল সরকারপক্ষ থেকে আদালতে বলা হয়, মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ ঘটার পর গত মার্চে মিজানুর সিঙ্গাপুরে প্রবাসী কয়েকজন বাংলাদেশিকে নিয়ে একটি দল গড়েন, যার নাম দেওয়া হয় ইসলামিক স্টেট ইন বাংলাদেশ। অবশ্য মিজানুরসহ সাজাপ্রাপ্ত চার বাংলাদেশি দোষ স্বীকার করলেও দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) আদালতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

.
.

আদালতের তথ্য অনুযায়ী, জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনায় দলটির অধিনায়ক ছিলেন মিজানুর। মামুনের অবস্থান ছিল দ্বিতীয়। রুবেল আর্থিক ব্যবস্থাপনা দেখতেন। জাবাথ যোগাযোগ রক্ষার কাজ করতেন। জামান ও সোহেল দলের নিরাপত্তা ও সদস্যদের বিষয়টি তত্ত্বাবধান করতেন। রুবেল ও জাবাথের কাছে জঙ্গিবাদী কার্যক্রমে অর্থায়নের জন্য তহবিল রাখারও অভিযোগ ছিল।
আদালতের তথ্যমতে, গ্রেপ্তারের সময় জাবাথের কাছে ১ হাজার ৩৬০ ডলার পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৬০ ডলার তাঁকে দেন রুবেল। ছয়জন ৬০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত চাঁদা দিয়েছেন তহবিল গঠনের জন্য।
স্ট্রেইটস টাইমস বলছে, দলটির সদস্যরা সরকার পতনের লক্ষ্যে বাংলাদেশে ফিরে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা। আর সেই রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের স্বঘোষিত খেলাফতের অধীনে নেওয়া।
আদালত ও সিঙ্গাপুর পুলিশের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, আইএসে যোগ দেওয়ার জন্য মিজানুর তিন দফা চেষ্টা করেও ব্যর্থ হন। তুরস্ক ও আলজেরিয়া তাঁর ভিসার আবেদন নাকচ করে দেয়। দোষী সাব্যস্ত অন্যদের তিনিই দলভুক্ত করেন।
আদালতে শুনানিতে বলা হয়, মিজানুর ও তাঁর দল নিয়মিত বুন লে পার্ক ও ওয়াটারফ্রন্ট পার্কে জড়ো হয়ে সেই ‘স্বপ্ন বাস্তবায়নের’ জন্য পরিকল্পনা করত। দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনাও তাদের ছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম গত ৩ মে এ সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, গত ২৯ এপ্রিল পাঁচজন বাংলাদেশিকে জঙ্গি কাজে জড়িত থাকার অভিযোগে দেশে ফেরত পাঠায়। এর আগে গত নভেম্বর-ডিসেম্বরে ২৭ জনকে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো হয়। এই ২৭ জনের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। তাঁরা এখন কারাগারে আছেন। তবে বাকি ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এঁরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শের অনুসারী। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে তাঁরা নানা বই-পুস্তক পড়তেন। এঁদের মদদদাতা কারা খোঁজা হচ্ছে।