চার বিদেশি রিমান্ডে ২১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া ৩১ জন বিদেশি নাগরিকের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ২১ জনকে কারাগারে পাঠানো হয়। বৈধ কাগজপত্র থাকায় বাকি ছয়জনকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, আটক হওয়া ৩১ জন বিদেশি নাগরিকের মধ্যে ছয়জনের বৈধ কাগজপত্র পাওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনের বিরুদ্ধে উত্তরা, রামপুরা ও গুলশান থানায় বৈদেশিক আইনে (ফরেনার্স অ্যাক্ট) মামলা করেছে পুলিশ। তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে গুলশান থানার মামলায় চারজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রামপুরা, গুলশান, উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩১ জনকে আটক করে। তাঁদের মধ্যে নাইজেরিয়ার ১২ জন, উগান্ডার পাঁচজন, ক্যামেরুনের চারজন, গাম্বিয়ার তিনজন, আইভরি কোস্টের দুজন এবং একজন করে কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের নাগরিক রয়েছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গুলশানের কালাচাঁদপুর থেকে আটক উগান্ডার নাগরিক বাজিরা প্যাট্রিক, মুকওয়ে মাইকেল, বাতামবাজ এবং কেনিয়ার নাগরিক অনিয়ানগো স্টেফেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মতিঝিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড় হিসেবে বাংলাদেশে আসেন। এরপর আর দেশে ফেরেননি।