চার বিদেশিসহ পাঁচজন আটক
ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার বিদেশিসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যা ব-১১। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ডলার ও ডলার তৈরির কাগজপত্রসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যা ব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লক এলাকার বাসিন্দা নাইজেরিয়ার নাগরিক ডেনিস ওকুদিরি ওরফে ছিফ (৪০), অগাস্টিন ম্যাথিউ (৩৬) ও মারভিন ননসো ওজোমিয়া ওরফে আইকে (৪১), ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা (৩৫) এবং গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট পলোটানা এলাকার আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন (৪২)। আব্রাহাম বর্তমানে ঢাকার বড় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বাস করেন।
সংবাদ সম্মেলনে র্যা ব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গ্রেপ্তারের সময় ওই পাঁচজনের কাছ থেকে ৩৬ বান্ডিল ডলার আকৃতির কালো কাগজ, চারটি হ্যান্ড গ্লাভস এবং সাদা রঙের তুলা দ্বারা নির্মিত চ্যাপ্টা একটি আবরণ (নকল ডলার তৈরির সামগ্রী) উদ্ধার করা হয়েছে।