নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার দুই দিন পর নিখোঁজ চার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নদীর নিলক্ষা এলাকা থেকে ডুবুরিরা লাশগুলো উদ্ধার করেন।
মৃত ব্যক্তিরা হলেন রায়পুরার আবদুল্লাহপুর গ্রামের আবদুল হক, ফরিদ মিয়া, মেহেরনগর গ্রামের খলিল মিয়া ও বাহেরচর গ্রামের আনোয়ার ফরাজী। তাঁরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপমহাব্যবস্থাপক কাজী নাজমুজ্জামান বলেন, গত মঙ্গলবার দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সঙ্গে ঢাকা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। দূরে ভেসে যাওয়ায় ওই রাতে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশগুলো ভেসে উঠলে গতকাল সকাল আটটার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা নদীরে তীরে অপেক্ষা করছিলেন। লাশ তুলে আনার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ছেলের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন নিহত আনোয়ার ফরাজীর বাবা আব্দুল হক ফরাজী। একপর্যায়ে তিনি বলেন, ‘আনোয়ার আমারে ছেলেহারা করছে আর আমার নাতি-নাতনিরে করছে বাপহারা।’ এ কথা বলে তিনি আবার বাকরুদ্ধ হয়ে পড়েন।
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলোয়ারচর আনন্দবাজারের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমোজা বাজার থেকে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের উদ্দেশে ছেড়ে আসে। ট্রলারডুবির ঘটনায় ১৫টি গরুও মারা যায়।