চার ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন টোল প্লাজায় কর্মরত কর্মকর্তারাসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং সঙ্গে থাকা পুলিশের দুটি বেল্ট, একটি হ্যান্ডকাফ ও একটি লাইট জব্দ করা হয়।
গত রোববার সন্ধ্যা সাতটার দিকে মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত গড়াই সেতুর টোল প্লাজায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম ব্যাপারী (৩০), খোরশেদ আলম (৩০) ও মো. সম্রাট শেখ (৩২)। টোল প্লাজায় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে টোল দিতে অস্বীকার করেন। এ সময় টোল প্লাজার কর্মকর্তারা তাঁদের পরিচয়পত্র দেখাতে বললে একপর্যায়ে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ব্যাপারে গতকাল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।