চার মণ হরিণের মাংস জব্দ, দুজন আটক
বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারি দলের প্রধান দলনেতাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের কাকচিড়া খাল থেকে তাঁদের আটক করা হয়। তবে দলের অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন। এ সময় তাঁদের ট্রলার থেকে চার মণ হরিণের মাংস জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হরিণ শিকারি দলের প্রধান আবদুল মালেক গোমস্তা ও তাঁর সহযোগী নবী হোসেন। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী বাজার ও তাফালবাড়িয়া গ্রামে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের বন মামলা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আবদুল মালেক গোমস্তার বিরুদ্ধে গাছসহ সুন্দরবনের হরিণ শিকারের ঘটনায় পাথরঘাটা রেঞ্জে চারটি মামলা রয়েছে।
অন্যদিকে সুন্দরবন রেঞ্জের জ্ঞানপাড়া বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আবদুল মালেক গোমস্তার বিরুদ্ধে এ বন কেন্দ্রে গাছ ও হরিণ শিকারের অন্তত পাঁচটি মামলা রয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আবদুল মালেক গোমস্তা দীর্ঘদিন ধরে হরিণ শিকার চক্রের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।