চার মাস পর কেন বাড়ি ফিরল ইলিয়াছ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noyakhali
noyakhali

চার মাস নিখোঁজ থাকার সময় নোয়াখালীর এক জঙ্গি ‘ওপরের নির্দেশে’ চট্টগ্রাম ও কুমিল্লার চারটি আস্তানায় ছিলেন। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এবং সীতাকুণ্ডের দুটি আস্তানায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি চলে তাঁর প্রশিক্ষণ। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি হঠাৎ বাড়ি ফিরে আসেন। এর আট মাস পর নিজ এলাকা নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেমকে গলা কেটে হত্যা করেন।

ওই যুবকের নাম মো. ইলিয়াছ। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি এসব উল্লেখ করেন বলে পুলিশ জানায়। গত ২২ অক্টোবর চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে জবানবন্দি দেন তিনি। এর আগে গত ১৬ আগস্ট সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের আফজাল শাহর মাজারের খাদেমকে গলা কেটে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তিনি। তাঁর সঙ্গে ধরা পড়েন আরও এক যুবক।

গত বছরের সেপ্টেম্বর মাসে কোরবানির ঈদের পর থেকে টানা চার মাস নিখোঁজ ছিলেন ইলিয়াছ। নিখোঁজ থাকার সময় ছেলে কোথায় ছিল, কী করেছে তা জানতে চাননি বাবা নুর মোহাম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, ইলিয়াছ একবার বলেছিল চট্টগ্রামে তাঁদের এক আত্মীয়র বাড়িতে ছিল। ছেলের কথা বিশ্বাস করে বিষয়টি আর যাচাই করেননি তিনি। পুলিশকেও কিছু জানাননি।

আদালতে জবানবন্দিতে ইলিয়াছ বলেছেন, নোয়াখালী থেকে প্রথমে চট্টগ্রামের মইজ্জারটেকের একটি বাসায় ওঠেন তিনি। সেখানে আরও কয়েকজন যুবক ছিলেন।

মাদ্রাসায় পড়া ইলিয়াছ জঙ্গিবাদে কীভাবে জড়িয়ে পড়েন জবানবন্দিতে তার কিছুটা উল্লেখ করেছেন। তিনি বলেন, নিজ এলাকা সোনাইমুড়ী থানার পাশে তাঁর ফটোকপি ও কম্পিউটারের দোকান ছিল। সেখানে জোবায়ের নামের এক যুবক আসতেন। (২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির একজন। নোয়াখালী সরকারি কলেজের ছাত্র ছিলেন)। তাঁকে বিভিন্ন ভিডিও দেখিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন জোবায়ের।

পুলিশ জানায়, জবানবন্দিতে ইলিয়াছ বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী এবং সীতাকুণ্ড পৌরসভার দুটি ভাড়া বাসায় জঙ্গিরা বোমা তৈরির সরঞ্জাম মজুত রাখতেন। সেখানে বানানো বোমা বিভিন্ন আস্তানায় পাঠানো হতো।

ইলিয়াছের সঙ্গে যোগাযোগ ছিল কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা দুই জঙ্গি মো. হাসান ও আহমেদ আজওয়াজ ইমতিয়াজ । দুজনই তাঁর সঙ্গে মইজ্জারটেকের এবং সীতাকুণ্ডের ওই দুটি বাসায় ইলিয়াছের সঙ্গে ছিলেন। সেখানে তাঁদের শারীরিক প্রশিক্ষণ দিতেন হাসান। তিনটি বাসাতেই তাঁদের সঙ্গে আরও সাত-আটজন থাকতেন। এ ছাড়া আসা-যাওয়া করতেন আরও কয়েকজন যুবক। তাঁদের সবাইকে তিনি চিনতেন না। গত ৭ মার্চ মিরসরাই থেকে বাসে করে ঢাকায় বোমা নিয়ে যাওয়ার পথে ধরা পড়েন হাসান ও আহমেদ আজওয়াজ।

জবানবন্দিতে ইলিয়াছ বলেন, চট্টগ্রামের মইজ্জারটেকের ওই বাসায় দুই মাস প্রশিক্ষণ নেন তিনি। পরে ‘ওপরের’ নির্দেশে তাঁকে ও আনাস নামের একজনকে (এখনো পলাতক) সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে ২৫ দিন ছিলেন তিনি। পরে তিনি ও আনাস কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেখান থেকে একদিন আনাসকে না বলে তিনি সোনাইমুড়ীর বাড়িতে চলে আসেন।

সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত অক্টোবর মাসে ইলিয়াছকে রিমান্ডে নেয় পুলিশ। চলতি বছরের ১৫ মার্চ সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’-এ অভিযান চালিয়ে জঙ্গি দম্পতি জহিরুল হক ওরফে জসীম ও রিজিয়া সুলতানা ওরফে আরজিনাকে গ্রেপ্তার করে পুলিশ। বাসাটি থেকে বিদেশি পিস্তল, ছয়টি গুলি, তিনটি তাজা গ্রেনেড, বোমা তৈরির বিপুল সরঞ্জাম এবং সুইসাইডাল ভেস্ট (কোমরে বাঁধা আত্মঘাতী বোমা) উদ্ধার করা হয়। এই জঙ্গি দম্পতির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেদিনই ‘সাধন কুটির’ থেকে এক কিলোমিটার দূরে প্রেমতলা চৌধুরীপাড়ার ‘ছায়ানীড়’ বাড়িতে টানা ১৯ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং গুলিতে এক নারী পাঁচজন নিহত হন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ীর মাজারের খাদেম হত্যার ঘটনায় করা মামলায় নোয়াখালী আদালতে দেওয়া জবানবন্দিতে ইলিয়াছ কিছুদিন সীতাকুণ্ড থাকার কথা বলেছেন। এর ভিত্তিতে সীতাকুণ্ডের দুটি মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি দুটি মামলাতেই জবানবন্দি দেন। এতে সীতাকুণ্ড এবং মইজ্জারটেকের বাসায় বোমা তৈরি ও সরঞ্জাম মজুত রাখার বর্ণনা দেন। এ ছাড়া পলাতক কয়েকজন জঙ্গির নামও বলেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।