চার মাস পর জেলেদের চাল বিতরণ, ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে চার মাস পর জেলেদের চাল বিতরণ করলেও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ২০ কেজির স্থলে ১৫ কেজি চাল দেওয়া হয়েছে বলে জেলেরা অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মৎস্য কার্যালয় সূত্র জানায়, মা ইলিশ রক্ষার সময় গত বছর (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) ২২ দিন মেঘনা-তেঁতুলিয়া ও সাগর মোহনায় মাছ শিকার, কেনাবেচা ও মজুত নিষিদ্ধ করে সরকার। এ সময় বেকার জেলেদের ২০ কেজি করে চাল বরাদ্দ হয়। দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে ২ হাজার ৮০০ জন জেলের জন্য ২০ কেজি করে ৫৬ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। ওই চাল গত বছরের অক্টোবরে বিতরণ করার কথা। সে চাল ২৩ ডিসেম্বর উত্তোলন করা হয়। বিতরণ শুরু হয় ২৬ ডিসেম্বর।
কমপক্ষে ২৫ জন জেলে ও এলাকাবাসীর অভিযোগ, চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনকে বাদ রেখে ইউনিয়নের সচিব মো. রুবেল, প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনসহ ইউপি সদস্যরা জেলেদের ২০ কেজির পরিবর্তে ১৫ কেজি করে চাল বিতরণ করেছেন। জেলেদের এমন অভিযোগের পর গত বুধবার সাংবাদিকেরা গিয়ে বিতরণ করা চাল মেপে ১৭-১৮ কেজি করে পান।
চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বলেন, ২৬ ডিসেম্বর থেকে তিনি ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। বুধবার তিনি পরিষদে না গেলে সচিব ও ইউপি সদস্যরা ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে জেলেদের চাল কম দিয়ে চাল আত্মসাৎ করেন।
ইউনিয়নের সচিব মো. রুবেল বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের বিরোধ চলছে। সেই বিরোধের কারণে জেলেরা চাল থেকে বঞ্চিত হচ্ছিলেন। ইউএনওর কথামতো ও ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত অনুমোদন নিয়ে তাঁরই উপস্থিতিতে চাল উত্তোলন করে বিতরণ শুরু করেছি। ২৬ ডিসেম্বর চাল বিতরণ শুরু করলেও ধারাবাহিকভাবে গত বুধবার পর্যন্ত চাল বিতরণ করা হয়। কিছু খরচ পোষানোর স্বার্থে চেয়ারম্যানের নির্দেশমতো শুরু থেকেই ১৭ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।’
ইউএনও মো. কামাল হোসেন বলেন, ৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো চরপাতা ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা অভিযোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর নির্দেশেই সচিব চাল বিতরণ করেছেন। কম দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।