চার মাস পর ফিরলেন ধর্মঘটি শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবিতে সিলেটের কালাগুল চা-বাগানের শ্রমিকেরা ধর্মঘট করে আসছিলেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে চার মাস পর গতকাল ভোর থেকে কাজে ফেরেন শ্রমিকেরা l ছবি: প্রথম আলো
৩০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবিতে সিলেটের কালাগুল চা-বাগানের শ্রমিকেরা ধর্মঘট করে আসছিলেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে চার মাস পর গতকাল ভোর থেকে কাজে ফেরেন শ্রমিকেরা l ছবি: প্রথম আলো

দাবি পূরণের আশ্বাস আদায় করেই কাজে ফিরলেন সিলেটের কালাগুল চা-বাগানের শ্রমিকেরা। একটানা প্রায় চার মাসের ধর্মঘট শেষে গতকাল সোমবার সকাল থেকে তাঁরা দলবেঁধে চা পাতা তোলার কাজ শুরু করেন।
বাগান সূত্রে জানা গেছে, কালাগুল চা-বাগানে কর্মরত আট শতাধিক শ্রমিকের মজুরি ৬৯ থেকে ৩০০ টাকায় উন্নীত করাসহ ১০ দফা দাবিতে গত ১ জুলাই থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহযোগী সংগঠন চা শ্রমিক সংঘ ধর্মঘট আহ্বান করে। তাদের ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে চা-শ্রমিকদের চিকিৎসা ও আবাসনের ব্যবস্থা করা। মালিকপক্ষ দাবি পূরণের আশ্বাস না দেওয়ায় ধর্মঘট পালনে অনড় ছিল তারা। গত রোববার টানা ধর্মঘটের চার মাস পূর্ণ হয়। এর মধ্যে পুলিশ প্রশাসন চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার অবসান করার চেষ্টা করছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস না দেওয়ায় সমস্যার সমাধান হচ্ছিল না।
গত রোববার রাতে মহানগর পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় চা-শ্রমিক ও মালিকপক্ষ বৈঠক করে। বৈঠকে মালিকপক্ষ দাবি পূরণে আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করতে রাজি হন চা-শ্রমিকেরা। সে অনুযায়ী গতকাল সকালে তাঁরা কাজে ফেরেন। সকাল নয়টার দিকে তাঁরা বাগানে চা পাতা তোলার কাজ শুরু করেন।
কালাগুল চা-শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মঙ্গল চাষা জানান, ধর্মঘট আহ্বানের সঙ্গে সঙ্গে মালিকপক্ষের হয়ে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাতে শ্রমিকদের স্বার্থ আদায় না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখা হয়েছিল। শেষে মহানগর পুলিশ উদ্যোগী হলে পুলিশি হয়রানি বন্ধের নিশ্চয়তা মেলায় বৈঠক হয়। ওই বৈঠকে মালিকপক্ষ দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ বলেন, ‘আমরা চেয়েছিলাম অচলাবস্থার নিরসন। অবশেষে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। পুলিশের উপস্থিতিতেই চা-শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।’

 কালাগুল চা-বাগানের মহাব্যবস্থাপক সবুর খান বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছিলাম যে বাগানে কাজ করে তাঁরা (চা-শ্রমিক) বেঁচে থাকবেন, সেই বাগান রক্ষা করেই দাবি-দাওয়া করতে হবে। দেরিতে হলেও বাগান আবার চালু হওয়ায় আমি খুশি।’

চা-শ্রমিকদের ‘বিজয়’ মিছিল: দাবি পূরণের আশ্বাস মেলায় ও গতকাল বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই বাগানে কাজে যোগ দেওয়ায় চা-শ্রমিকদের মধ্যে ছিল অন্যরকম এক আনন্দ। এ উপলক্ষে গতকাল দুপুরে ‘বিজয়’ মিছিল করে বাগানের বটতলায় সমাবেশে মিলিত হন তাঁরা। সমাবেশ থেকে চা-বাগানের আন্দোলনের জের ধরে গ্রেপ্তার হওয়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ম্য কুর্মিসহ অন্য শ্রমিকনেতাদের মুক্তি দাবি করা হয়। চা-শ্রমিক সংঘের সভাপতি ভাসান ছত্রীর সভাপতিত্বে সমাবেশে চা-শ্রমিকনেতা মঙ্গল চাষা, অন্নদা বসাক, জামাল মিয়া, বিলু বাউরি বক্তৃতা করেন।