নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের রাঙ্গাঝিরি থেকে অপহৃত দুজনকে গত মঙ্গলবার রাতে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত চার মাসে বাইশারি ইউনিয়নে ১০ জন অপহরণ ও ১৩টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
বাইশারি ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেছেন, বনাঞ্চলবেষ্টিত পাহাড়ে গড়ে ওঠা একটি অপরাধী চক্রের কাছে বাইশারি ইউনিয়নের মানুষ জিম্মি হয়ে পড়েছে। পাড়া-গ্রামে রাত জেগে পাহারা দিয়েও অপহরণ ও ডাকাতি ঠেকাতে না পেরে সমগ্র বাইশারি আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
বাইশারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, তারা অপরাধী চক্রকে ধরতে তৎপর থাকায় ডাকাতি ও অপহরণের ঘটনা আগের চেয়ে কিছুটা কমেছে। অভিযানের মুখে অপহৃত দুজনকেও অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাঙ্গাঝিরির বরইচরপাড়ায় সশস্ত্র অপহরণকারীরা হানা দেয়। ডাকাতেরা পাড়ার সচ্ছল আবদুল হাকিম ও কাদের বক্সের বাড়িতে লুটপাট চালায়। চলে যাওয়ার সময় আবদুল হাকিমের ছেলে জালাল আহমদ ও কাদের বক্সের ছেলে আবদুল কাদেরকে ধরে নিয়ে যায়। পরে মুঠোফোনে তাদের মুক্তিপণ হিসেবে এক লাখ ৫০ হাজার টাকা দাবি করে।
ঈদগড় মৌজার হেডম্যান (মৌজা প্রধান) থোয়াইহ্লা মারমা বলেন, ৮০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর খুটাখালী পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুজনকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে বলে তাকে রাঙ্গাঝিরি পাড়াবাসী জানিয়েছে।
অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও স্থানীয় সাংবাদিক আবদুল হামিদ বলেন, বাইশারিতে চিহ্নিত একটি অপরাধী চক্রের কাছে এখন অপহরণ একটি লাভজনক বাণিজ্যে পরিণত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী কারও কারও সঙ্গে ওই অপহরকারীদের যোগাযোগ রয়েছে। এ জন্য যে পুলিশ কর্মকর্তা অপরাধীদের গ্রেপ্তারে সক্রিয় হয়ে উঠেন তাকে বাইশারি থেকে বদলি করা হয়।
ইউপি চেয়ারম্যান মনিরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, সমগ্র ইউনিয়নের মানুষের আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে। রমজানেও রাত জেগে পাহারা দিতে হয়েছে। কিন্তু ডাকাতদের গ্রেপ্তারে সক্রিয় হলে নিরাপত্তা বাহিনীর ওপর চাপ আসে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, অপহরণ কমেছে। তারা সক্রিয় হওয়ায় অপহৃতদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।