চার মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যা?
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল মঙ্গলবার একটি পুকুর থেকে চার মাস বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া তুজারপুর ইউনিয়নের চারাইদাহ গ্রামের রিয়াজ শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারাইদাহ গ্রামে রোববার সন্ধ্যায় রাবেয়াকে রেখে তার মা বাড়ির বাইরে যান। তখন বাড়িতে কেউ ছিলেন না। অল্প কিছুক্ষণ পর তিনি ফিরে এসে রাবেয়াকে বাড়িতে পাননি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও রাবেয়ার সন্ধান মেলেনি। গতকাল দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে রাবেয়ার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন।
রিয়াজ শেখ বলেন, ‘রাবেয়ার কোনোভাবেই ঘরের বাইরে বের হতে পারার কথা না। কেউ ওকে নিয়ে পুকুরে ফেলে হত্যা করতে পারে। তবে এটা কে করেছে তা বুঝতে পারছি না।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গতকাল রাত সাড়ে আটটায় জানান, পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের মামলা করতে বলা হয়েছে। অন্যথায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করবে।