চার লাখ টাকা নিয়ে দরজি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে একটি দরজি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১৬৫ জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে প্রায় চার লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। প্রশিক্ষণ শেষে গত বুধবার তাঁদের সেলাই মেশিন দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন থেকে ওই প্রতিষ্ঠানের কেউ আর প্রশিক্ষণকেন্দ্রে আসছেন না।
প্রতারণার শিকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গ্রিন বার্ড ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজে গত ৯ মার্চ সেন্ট পালস মিশন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামের একটি বেসরকারি সংস্থা দরজি প্রশিক্ষণ শুরু করে। এতে ১৬৫ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের প্রত্যেকের কাছ থেকে ভর্তি ফি বাবদ ১০০ টাকা, প্রশিক্ষণসামগ্রীর জন্য ১৯০ টাকা, সেলাই মেশিনের জন্য দুই হাজার টাকা নেওয়া হয়। আবার অনেকের কাছ থেকে বিছানার চাদরের নকশা করে দেওয়ার নামে পাঁচ থেকে সাত গজ কাপড়, শাড়ি, টেবিল ক্লথ নকশা করে দেওয়ার নামেও কাপড় নেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় খুলনায় দেখানো হয়েছে। জিল্লুর রহমান নামের এক ব্যক্তি জামালপুর জেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রশিক্ষণার্থী মাহবুবা খানম বলেন, বুধবার মেশিন দেওয়ার কথা থাকলেও তাঁরা কেউ প্রশিক্ষণকেন্দ্রে আসেননি। তাঁদের মুঠোফোনও বন্ধ। প্রশিক্ষণার্থী শিমলা বাজারের শেফালী রানী ঘোষ বলেন, ‘আমি সুদে নিয়ে সেলাই মেশিনের জন্য টাকা দিয়েছি। এখন কীভাবে টাকা পরিশোধ করব?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, প্রশিক্ষণের নামে যারা টাকা নিয়ে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।