চার শতাধিক নকল মোবাইল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-১ ও বনানী এলাকা থেকে আজ বৃহস্পতিবার ৪০৯টি আমদানি-নিষিদ্ধ নকল মোবাইল ফোন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

পুলিশ জানায়, বেলা দুইটার দিকে বিটিআরসি ও পুলিশের সহায়তায় ওই এলাকার গেজেট অ্যান্ড গিয়ার নামের মোবাইল সেট বিক্রেতা একটি প্রতিষ্ঠানের শো-রুম থেকে সেটগুলো জব্দ করা হয়। জব্দ করা সেটের মধ্যে রয়েছে স্যামসাং, নকিয়া, মটরোলা, ব্ল্যাকবেরি এবং সনি ব্র্যান্ডের স্মার্ট ফোন। এর মধ্যে গুলশান শোরুম থেকে ২৬০টি এবং বনানী-১১ নম্বর রোড শাখা থেকে ১৪৯টি সেট জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, এসব মোবাইল সেটের বাজার মূল্য দেড় কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানটি জব্দ করা মোবাইল সেটের আমদানি কাগজ এবং আইএমই নম্বর দেখাতে পারেনি। ধারণা করা হচ্ছে, সেটগুলো নকল এবং চীন থেকে আমদানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক লাইসেন্স এবং ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর থাকায় কাউকে আটক করা হয়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মইনুল খান আরও জানান, এসব সেট শুল্ক গুদামে জমা করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা করা হয়েছে।