চার শিক্ষক ও পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল বুধবার এসএসসি ভকেশনাল ইংরেজি পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ।
একই সঙ্গে কর্তব্য পালনে গাফিলতি এবং নকলে সহযোগিতা করার অভিযোগে চার শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, ওই কেন্দ্রে শিক্ষকদের ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষে এসএসসি ভকেশনাল পরীক্ষা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ইউএনও জানতে পারেন কেন্দ্রের ভকেশনাল পরীক্ষায় নকলের মহোৎসব চলছে। সংবাদ পেয়ে গতকাল দুপুরে অতর্কিতভাবে পরিদর্শন করতে আসেন ইউএনও পঙ্কজ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) বেগম জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা। এ সময় তাঁরা তাৎক্ষণিকভাবে দুটি কক্ষে প্রবেশ করে নকল করার সময় হাতেনাতে পরীক্ষার্থী আলামিন ব্যাপারী, মুরাদ শেখ, এনায়েত হোসেন, তপন কুমার দাস ও রাসেল ব্যাপারীকে আটকের পর কেন্দ্রসচিব ফকির আবদুল কাদেরকে বহিষ্কারের নির্দেশ দেন। একই সঙ্গে কক্ষ দুটিতে কর্তব্যরত শিক্ষক আবদুল মাজেদ, মোতালেব হোসেন, মমতাজ খাতুন ও মিনু খাতুনকেও বহিষ্কারের নির্দেশ দেন।
কেন্দ্রসচিব গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের জানান, শিক্ষার্থীদের শার্টের ভেতর কিছু নকলের কপি পাওয়ায় তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, পরীক্ষা শুরুর দিন হঠাৎ ওই কেন্দ্রে নকল চলার সংবাদ আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করেই এ কর্মকাণ্ড চলছিল। সংবাদের ভিত্তিতে বিষয়টি কাউকে না জানিয়ে গতকাল বুধবার ইংরেজি পরীক্ষার দিন অতর্কিত কেন্দ্রে প্রবেশ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে যাদের কাছে নকল পাওয়া যায় তাদের এবং কক্ষে কর্তব্যে গাফিলতির অভিযোগে শিক্ষকদেরও বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়।