চার শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে চারজন শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০১৫ সালের ৯ আগস্ট ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী নুরুল ইসলাম জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৬৮ সালে স্থাপিত উপজেলার হালিম নগর উচ্চবিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী ২০ জন। শিক্ষার্থী প্রায় ৪৫০ জন। বিদ্যালয়ে কোনো শাখা চালুর অনুমোদন নেই। এমনকি শাখা চালু করার মতো শিক্ষার্থী নেই। কিন্তু প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকা নিয়ে ২০০২ সালে তিনজন শিক্ষক ও একজন সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেন।

গতকাল শনিবার জানতে চাইলে নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ নিয়ে কয়েক দফা তদন্ত হয়েছে। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করেছেন। কিন্তু এখনো কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফুজার রহমান বলেন, বিধিসম্মতভাবে তিন শিক্ষক ও এক কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছর ধরে তিন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন। সহকারী গ্রন্থাগারিক দুই বছর ধরে বেতন পাচ্ছেন। অবসরপ্রাপ্ত অফিস সহকারী নুরুল ইসলাম মিথ্যা অভিযোগ দিয়ে তাঁদের হয়রানি করছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, তদন্ত চলছে। তা সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।