চার শিক্ষকসহ ১০ জনের প্রাণনাশের হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ চার শিক্ষক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, গণজাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১০ জনের নাম উল্লেখ করে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা-১৩’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার ডাকযোগে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
চিঠিতে যাঁদের নাম উল্লেখ করা হয়, তাঁরা হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, সাংসদ তারানা হালিম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, বিকাশ সাহা, মো. ইকবালুর রহিম ও পল্টন সুতার। শেষের তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইমরান এইচ সরকার বলেছেন, তিনি এ ধরনের কোনো চিঠি পাননি। আর কাবেরী গায়েনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়, বাকিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
অধ্যাপক অসীম সরকার প্রথম আলোকে বলেন, তিনি গতকাল অন্যান্য দাপ্তরিক চিঠির সঙ্গে এই চিঠিটি পান। ঢাকা জিপিও থেকে ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনি উদ্বিগ্ন বলে জানান।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি চিঠিটি পান। তিনি বলেন, ‘আগেও এ ধরনের হুমকি পেয়েছি। তাই এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। তবে অন্যদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। এগুলো যারা করছে, গোয়েন্দা সংস্থাগুলোর উচিত তাদের খুঁজে বের করা।’
সাদা কাগজে লেখা ওই চিঠিতে দেখা যায়, কাউকে ইসলামের দুশমন, কাউকে হিন্দু মৌলবাদী, ব্লগার ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। চিঠিতে উপরোক্ত ব্যক্তিদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। যে খামে চিঠি পাঠানো হয়েছে তার ওপর ঢাকা জিপিওর সিল মারা এবং তিনটি দুই টাকা দামের টিকিট বসানো ছিল। ইংরেজিতে লেখা চিঠিটিতে বেশির ভাগেরই নামের বানান ভুল।