জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গতকাল রোববার কেন্দ্রের বাইরে উত্তরপত্র তৈরির সময় কুষ্টিয়ায় চার স্কুলশিক্ষককে গ্রেপ্তার করে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ ও জামালপুরে ভুয়া প্রশ্নপত্র ফেসবুকে প্রকাশ ও বিক্রির অভিযোগে এক পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়।
এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য গতকাল ৪১ পরীক্ষার্থী ও আট পরিদর্শককে বহিষ্কার করা হয়। অনুপস্থিত ছিল ৪৪ হাজার ১৩৪ জন। অবশ্য অনুপস্থিতদের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীও রয়েছে। গতকাল জেএসসিতে গণিত ও জেডিসিতে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। জামালপুরে যেসব প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল, তা-ও ভুয়া। কারণ পরীক্ষার প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের কোনো মিল নেই। এ বিষয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
কুষ্টিয়া অফিস জানায়, জেলার খোকসায় জেএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশে এক শিক্ষকের বাড়িতে উত্তরপত্র তৈরির সময় চার স্কুলশিক্ষককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খোকসার শোমসপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দেব কুমার ঘোষালের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে অভিযান চালান। সেখানে একটি কক্ষে উত্তরপত্র তৈরি করছেন চার শিক্ষক। এ সময় তাঁদের কাছ থেকে গণিতের একটি প্রশ্ন, নয়টি উত্তরপত্র, দুটি অতিরিক্ত খাতা, একটি ক্যালকুলেটর ও একটি জ্যামিতি বই উদ্ধার করা হয়। পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত দেব কুমার ঘোষালসহ খোকসার শোমসপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিল উদ্দীন ও সরওয়ার হোসেন এবং আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ দাসকে দুই বছর করে কারাদণ্ড ও পাচ হাজার টাকা করে জরিমানা করেন। । তাঁরা কেউই পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে ছিলেন না।
ইউএনও রেবেকা খান বলেন, শিক্ষকেরা কেন্দ্রের বাইরে উত্তরপত্র তৈরি করে ছাত্রছাত্রীদের কাছে সরবরাহ করছিলেন বলে প্রমাণিত হওয়ায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ফেসবুকে জেএসসির গণিতের কথিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গতকাল সকালে রাসেল সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার আধারা ইউনিয়নে। তিনি এলাকায় এমআর টিচিং সেন্টার খুলে স্কুলের ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়াতেন।
পুলিশ জানায়, এই প্রশ্নপত্রের সঙ্গে গতকালের পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া না গেলেও রাসেল ফেসবুকে ‘ক’ সেট প্রশ্নপত্র লেখা আপলোড করে অপরাধ করেছেন।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রথম আলোকে জানান, রাসেলকে জিজ্ঞাসাবাদ চলছে।
জামালপুর সংবাদদাতা জানান, জেএসসির হাতে লেখা প্রশ্নপত্র বিক্রির সময় গত শনিবার রাত ১০টার দিকে এক পরীক্ষার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শহরের গেইটপাড় এলাকার বঙ্গতাজ ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারের মালিক খাইরুল ইসলাম (৫২) ও বেলটিয়া উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জাহিদ হাসান (১৩)। গতকাল পরীক্ষার্থীকে ছেড়ে দিয়ে অন্যজনকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানান, অভিভাবক ও পরীক্ষার্থীরা জানিয়েছেন, বাগমারায় একটি প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্র নিয়ে ব্যবসা করেছে। তবে মূল প্রশ্নপত্রের সঙ্গে মিল না থাকায় প্রশ্ন কিনে প্রতারিত হয়েছে পরীক্ষার্থীরা। গতকাল গণিত বিষয়ের ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক ভুয়া প্রশ্নপত্র গত শনিবার (৮ নভেম্বর) রাত থেকে একটি চক্র বিক্রি শুরু করে। এর আগের বছর ওই চক্র প্রশ্নপত্র বিক্রি করেছে। গত বছর মিল পাওয়ায় এবারও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পক্ষে এক থেকে দুই হাজার টাকায় কম্পিউটার কম্পোজ করা প্রশ্নপত্র সংগ্রহ করা হয়। গতকাল রোববার সকালে পরীক্ষা শেষের পর দেখা যায়, মূল প্রশ্নপত্রের সঙ্গে রাতে বিক্রি করা প্রশ্নপত্রের মিল নেই।