চার শিশু হত্যার ঘটনায় আরেক আসামির জবানবন্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের চার শিশু হত্যায় গ্রেপ্তার জুয়েল মিয়া (২০) আজ রোববার বিকেলে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে দুজন আসামি জবানবন্দি দিলেন। গত শুক্রবার তাঁর ছোট ভাই রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটায় হবিগঞ্জ বিচারিক হাকিম কৌশিক আহমেদ খন্দকারের আদালতে আসামি জুয়েল মিয়াকে হাজির করা হয়। তিনি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে সন্ধ্যা ছয়টার দিকে জুয়েলকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে জুয়েলের ভাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। দুজনের জবানবন্দির মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া গেছে।