চার শিশুকে হত্যার ঘটনায় আরও দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার আরও দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাঁরা হলেন সুন্দ্রাটিকি গ্রামের হাবিবুর রহমান ও রুবেল। এ নিয়ে এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

হবিগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, এখন তাঁদের শহরের বহুলা এলাকার এসপি অফিসের কার্যালয়ের নিচতলায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল রাত সাড়ে আটটার দিকে গ্রামের আবদুল আলী ও জুয়েল মিয়া নামের দুই যুবককে আটক করে বাহুবল থানার পুলিশ।

গত শুক্রবার গ্রামের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু। তারা হলো মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। তিনজনই সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। পাঁচ দিন পর গতকাল বুধবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গ্রামের এক ছড়া (ছোট নদী) থেকে বালুচাপা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এখন শুধু মাতম। বিস্ময়ে, শোকে স্তব্ধ পুরো গ্রামের মানুষ।

এই নিষ্ঠুরতার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। তবে নিহত শিশুগুলোর পরিবার ও স্থানীয় লোকজন খুঁজে পেতে যে কারণটাকে সন্দেহের মধ্যে রাখছেন, তা গ্রাম পঞ্চায়েতের বিরোধ। তবে বড়দের বিরোধের কারণে শিশুদের প্রতি এ বর্বরতাও যেন মেলাতে পারেন না তাঁরা।

ঘটনাকে ‘লোমহর্ষক’ উল্লেখ করে সিলেট অঞ্চলের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হত্যাকারীদের তথ্যদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

আরও  পড়ুন..