চার শিশুর হত্যাকারীদের তথ্য দিলে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে চার শিশুর হত্যাকারীদের সম্পর্কে তথ্যদানকারীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট অঞ্চলের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান। চার শিশুর লাশ উদ্ধারের পরপরই ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘোষণা করেন।

এদিকে বড়দের মধ্যে গ্রাম্য বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

যোগাযোগ করলে ডিআইজি প্রথম আলোকে বলেন, ‘এটি একটি চরম লোমহর্ষক ঘটনা। দরিদ্র পরিবারগুলোর শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতা দেখে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আমি এই পুরস্কার ঘোষণা করেছি।’ যে তথ্য দেবে, তাঁর নাম পরিচয় গোপন রাখা হবে এবং ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর পাশে থাকবে বলে ডিআইজি জানান।

হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিআইজি আরও বলেন, ‘আমি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপ করেছি। বড়দের মধ্যে গ্রাম্য বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে।’

নিহত এই চার শিশু হলো সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির (৭), দ্বিতীয় শ্রেণির শুভ (৮), চতুর্থ শ্রেণির তাজেল (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল (১০)। এদের মধ্যে শুভ, তাজেল আর মনির সম্পর্কে চাচাতো ভাই।
শুভ সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে, তাজেল আবদুল আজিজের ছেলে, মনির আবদাল মিয়ার এবং ইসমাইল আবদুল কাদিরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে এই চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ তাদের লাশ মিলল। গত শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে গতকাল মঙ্গলবার চার শিশুর পরিবারের পক্ষ থেকে নিহত মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

আরও পড়ুন: