চার সচিবকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে সাময়িক সনদ গ্রহণ করায় তিন সচিব ও এক যুগ্ম সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়েছে। বর্তমানে তাঁর সনদ স্থগিত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পরে সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় চার সচিবের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
সনদ বাতিল হওয়া চার সচিব হলেন: স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
এ ছাড়া মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট প্রাথমিকভাবে স্থগিত করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বর্তমানে তিনি প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে সাময়িক সনদ গ্রহণ করায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অসদাচরণের অভিযোগে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, এই চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে তার কারণ জানাতে হবে।’
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, অভিযোগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁদের ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সচিব প্রথম আলোকে বলেন, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই কর্মকর্তাদের সনদ বাতিল করেছে। তাঁদের অন্যায়ের শাস্তি হচ্ছে গুরুদণ্ড। এ ক্ষেত্রে তাঁদের পদাবনতি বা বেতন হ্রাস বা বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে অপসারণ করা যাবে। কিন্তু যে প্রক্রিয়ায় অভিযোগনামা ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাতে তা মামুলি অপরাধে অর্থাৎ একজন কর্মকর্তা অফিসে অনুপস্থিত না থাকলে যেভাবে নোটিশ করা হয়, সেভাবে করা হয়েছে।
‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে গত ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে এই চার সচিবের সনদ নেওয়ার বিষয়টি উল্লেখ ছিল। নিয়ম অনুযায়ী, চাকরিতে যোগদানের সময়ই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিতে হয়। কিন্তু এই শীর্ষ কর্মকর্তারা চাকরির শেষ সময়ে এসে নিজেদের মুক্তিযোদ্ধা ঘোষণা করে সনদ নিয়েছেন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক অনুসন্ধান শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে বলেছে, প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। তাঁরা সরকারি নির্দেশনা, পরিপত্র ও আইন অমান্য করে অসদাচরণ করেছেন।
ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় দুদকের সুপারিশ মেনে চারজনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হলেও মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ ও গেজেট প্রাথমিকভাবে স্থগিত করা হয়।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন না নিয়ে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের একক ক্ষমতায় গেজেট ও সাময়িক সনদ নিয়েছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।