চার সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, একজনের স্থগিত
ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় জনপ্রশাসনের তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ফিরে না আসা পর্যন্ত এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো আইনানুগ বা বিভাগীয় ব্যবস্থা নিতে পারবে না। কারণ, প্রধানমন্ত্রীই এই মন্ত্রণালয়ের মূল মন্ত্রী।
দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশে গতকাল গেজেট বাতিল করে মন্ত্রণালয়। জামুকার বৈঠকে সনদ বাতিলের সিদ্ধান্ত হওয়ার নয় দিন পর মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে।
সনদ বাতিল হওয়া চারজনের মধ্যে স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরে তাঁর সঙ্গে রয়েছেন। অন্য তিনজন হলেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। মোল্লা ওয়াহিদুজ্জামান বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ বাতিল না করার ব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, তিনি মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার জন্য পাঁচটি ধাপের চারটিই শেষ করেছেন। যে ধাপটি শেষ করেননি, সেই অপরাধ তাঁর নয়। অতি উৎসাহী কর্মকর্তারা শেষ ধাপ না মেনে তাঁর গেজেট প্রকাশ করেন, যা এনএসআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে। তাই তাঁর সনদ বাতিল না করে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে মোল্লা ওয়াহিদুজ্জানকে চিঠি দেওয়া হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, তাঁকে শুনানিরও সুযোগ দেওয়া হবে।
সরকারের পাঁচ শীর্ষ কর্মকর্তা ‘অবৈধ প্রক্রিয়ায়’ মুক্তিযোদ্ধা সনদ নেন বলে তদন্তে বেরিয়ে এলে তা বাতিলের সুপারিশ করে দুদক। ওই সুপারিশের পর ১৪ সেপ্টেম্বর জামুকার বৈঠকে সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। চার কর্মকর্তার সনদ ও গেজেট বাতিলের চিঠি গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বিবেচনা মতো এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা করছি। আমরা অপেক্ষা করছি, দেখি তাঁরা কী করেন।’
মামলা করবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে তাঁর ধারণা, এই শীর্ষ কর্মকর্তারা জালিয়াতি করে পার পাবেন না।