চার স্থানে দুই স্কুলছাত্রসহ পাঁচজনের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের তিতাস নদ থেকে গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকা থেকে গতকাল শুক্রবার এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ শহর থেকে এক নারী ও এক ব্যবসায়ী এবং কিশোরগঞ্জের নান্দাইল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই স্কুলছাত্র হচ্ছে তিতাস উপজেলার শাহপুর দক্ষিণপাড়া গ্রামের আলী আকবরের ছেলে ইয়াছিন রহমান শুভ (১৫) ও বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবু রায়হান (১৪)। নিহত অপর তিন ব্যক্তি হলেন সুনামগঞ্জ সদর উপজেলার রাবারবাড়ি গ্রামের আজিজুর রহমানের স্ত্রী শাবানা বেগম (২৫), তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের মিয়াদি মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও নান্দাইল উপজেলার পুরহরি গ্রামের জাহেদ আলী (৫৫)।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): তিতাস থানার পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের খুলশী ওয়্যারলেস উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন রহমানের পরিবার চট্টগ্রামের খুলশী ওয়্যারলেস এলাকায় বসবাস করত। ইয়াছিন রহমান গত মঙ্গলবার রাত নয়টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার বিকেলে দড়িকান্দি গ্রামের তিতাস নদে তার লাশ ভাসতে দেখে কয়েকজন। পুলিশ বিকেলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ইয়াছিনের মা ছালমা আক্তার বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিতাস থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও তিতাস থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘ইয়াছিন রহমান নদের পানিতে ভাসমান থাকায় শরীরে কেনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছে না।’
জামালপুর: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে একটি ফোন পেয়ে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবু রায়হান বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল সকাল আটটার দিকে স্থানীয় লোকজন ধানুয়া কামালপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের শাকিল মিয়া (১৮) ও রাজা মিয়াকে (৪৫) আটক করে থানায় নিয়ে যায়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ: পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে স্থানীয় লোকজন সুরমা নদীতে শাবানা বেগমের লাশ ভাসতে দেখে পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাবানা বেগম নদীর ঘাটে নৌকায় পাথর তোলার কাজ করতেন। ১২ অক্টোবর বিকেলে নদীর ওই স্থানে একটি বালুবোঝাই নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়েছিলেন। এদিকে পুলিশ জানায়, জহিরুল ইসলাম বৃহস্পতিবার রাতে এসে পৌর শহরের মধ্যবাজার এলাকার একটি আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গতকাল অনেক বেলা পর্যন্ত দরজা না খোলায় হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেন। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙে তাঁর মরদেহ দেখতে পায়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ): পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অবসর সিনেমা হলের সামনের সড়কের পাশে একটি দোকানে জাহেদ আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ রাতেই সেখানে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গতকাল সকালে জাহেদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।