দিনাজপুরের সাম্প্রতিক চারটি হামলার তিনটিই একই গোষ্ঠী ঘটিয়েছে বলে তথ্য পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) মন্দিরে হামলার ঘটনায় জনতার হাতে ধরা পড়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই যে উগ্রপন্থী কোনো গোষ্ঠীর সদস্য, সেটা পরিষ্কার। তবে তাঁদের সংগঠনের নাম কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বৃহস্পতিবার রাতে ওই হামলার পর গতকাল শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে বীরগঞ্জ উপজেলার বটতলী সিংড়া গ্রামে এক অস্ত্রধারী যুবককে গ্রামবাসী আটক করে পুলিশে দেয়। তার আগে ওই যুবকের গুলিতে একজন গ্রামবাসী আহত হন। আটক যুবকের নাম মোসাব্বির আলম খন্দকার (২৪)। বাড়ি লালমনিরহাট সদরের বানভাসা এলাকায়। তাঁর কাছ থেকে একটি এসএমজি (একে ২২) ও ৩৩টি গুলি উদ্ধার করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
এর আগে মন্দিরে হামলার পরপর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ওই রাতেই শরিফুল ইসলাম (২৮) নামের আরেক যুবককে স্থানীয় লোকজন ধরে ফেলে। তাঁকে পরে পুলিশে দেওয়া হয়। শরিফুলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে। তিনি বগুড়ায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা পাস করেছেন বলে পুলিশকে বলেছেন।
স্থানীয় পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন, তাঁরা ইস্কন মন্দিরে হামলা শেষে একই মোটরসাইকেলে পালাচ্ছিলেন। পথে জনতার হাতে ধরা পড়েন মোটরসাইকেলচালক শরিফুল। মোসাব্বির পালিয়ে সিংড়া শালবনের দিকে চলে যান। ভোরে বনের পাশে দিনমজুর মো. সিরাজের বাড়িতে গিয়ে ওঠেন।
বীরগঞ্জ উপজেলার বটতলী সিংড়ার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোসাব্বির ওই বাড়িতে আশ্রয় চাইলে বাড়ির মালিক থাকতে দেন। পরে তাঁর কাছে অস্ত্র দেখে বাড়ির লোকজন প্রতিবেশীদের জানান। আশপাশের লোকজন ঘরের সামনে জড়ো হলে মোসাব্বির লেপের নিচ থেকেই এসএমজি দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে মো. রফিক (৩২) নামের একজন আহত হন। তাঁর ডান পায়ে একটি গুলি লেগেছে। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশের সূত্র জানায়, মোসাব্বির গ্রামবাসীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। চতুর্থ গুলিটি আটকে যায়। এরপর তিনি পালানোর চেষ্টা করেন। গ্রামবাসী তাঁকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়, মোসাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে কাহারোল উপজেলায় ডহচি ইস্কন মন্দিরে ধর্মসভার প্রস্তুতিকালে দুর্বৃত্তরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, পাঁচটি মোটরসাইকেলে করে ১৪-১৫ জন যুবক এসে হামলা চালায়। তারা গুলিবর্ষণ ও ককটেল ফাটায়। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন রঞ্জিতচন্দ্র রায় (৪৫) ও মিঠুনচন্দ্র রায় (২৫)। এর মধ্যে মিঠুনকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল হক বলেন, মিঠুনের কোমরে গুলি লেগেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। পায়ে গুলিবিদ্ধ রঞ্জিত দিনাজপুরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী গতকাল প্রথম আলোকে বলেন, এই হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি নাশকতামূলক হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত তিন সপ্তাহে কেবল দিনাজপুরে চারটি ঘটনা ঘটে। গত ১৮ নভেম্বর দিনাজপুর শহরে খ্রিষ্টান ধর্মযাজক পিয়েরো পিচমকে এবং ৩০ নভেম্বর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ইস্কন নেতা বীরেন্দ্র নাথকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ৪ ডিসেম্বর কাহারোলে কান্তজিউ মন্দিরের পাশে রাসমেলার যাত্রাপালায় বোমা হামলা হয়। এত দিন এসব হামলায় কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ইস্কন মন্দিরে হামলার ঘটনায় দুজন ধরা পড়ার পর অন্য ঘটনাগুলোর রহস্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির সূত্র ধরে সম্প্রতি দিনাজপুরে ঘটে যাওয়া অন্য ঘটনাগুলোর গভীরে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে।
পুলিশের অপর একটি সূত্র জানায়, দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে ধারণা মিলছে, তাতে ইতালীয় ধর্মযাজক পিয়েরো পিচম ছাড়া বাকি তিনটি ঘটনাই একই গোষ্ঠী করেছে বলে প্রতীয়মান হচ্ছে। এই গোষ্ঠীটি কার নেতৃত্বে সংগঠিত হয়েছে এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা গতকাল পর্যন্ত বের করতে পারেনি পুলিশ।
যদিও সম্প্রতি দেশের অন্যান্য স্থানে সংঘটিত হামলার অনেকগুলোতেই জেএমবি জড়িত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
কাহারোলে আতঙ্ক: মন্দিরে হামলার ঘটনায় ওই এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গতকাল বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। ডহচি ইস্কন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা কখন যে কোন দুর্ঘটনা ঘটায়, এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’
মন্দির কমিটির সভাপতি রামচন্দ্র রায় বলেন, ‘এটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে ধর্মের আলাপ হয়। এখানে কোনো রাজনীতির আলাপ হয় না। ধর্ম পালন করতে এসে আর যেন এ রকম কোনো ঘটনা না ঘটে, সে জন্য পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

গতকাল বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিলটি জয়নন্দ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে ডাবর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ডাবর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সত্যজিৎ রায়, বিএনপির ইউনিয়ন সহসম্পাদক আবু তাহের, পূজা উদ্যাপন পরিষদের বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, কাহারোল উপজেলা সম্পাদক রাজেন্দ্র দেবনাথ ও পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রফুল্ল কুমার রায়, ডহচি মন্দিরের সম্পাদক শ্যামল কুমার মজুমদার, মন্দিরের সভাপতি রামচন্দ্র রায়, পূজারি গোবর্ধন হরিদাস প্রমুখ।
বক্তারা দ্রুত এ হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের ধর্ম পালন করতে নিরাপত্তা বিধান করার জন্য সরকারের কাছে দাবি জানান।