চার হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়ার দায়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী ও দোলাইরপাড় এলাকায় চারটি বেসরকারি হাসপাতালকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত দোলাইরপাড়ে কিউর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম দোলাইরপাড়ের ইউনিকেয়ার জেনারেল হাসপাতাল, দক্ষিণ যাত্রাবাড়ীর জেইসি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দক্ষিণ যাত্রাবাড়ীর এশিয়া স্পেশালাইজড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে র্যাব-১০-এর একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, চারটি হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় লোকবল ছাড়া অনুমোদনহীন চিকিৎসা দেওয়া হচ্ছে। এর দায়ে কিউর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রাহিমা হেমায়েত ও ব্যবস্থাপক লিটন সরকারকে তিন লাখ টাকা, জেইসি জেনারেল হাসপাতালের মালিক বিলকিস খাতুনকে দুই লাখ টাকা, ইউনিকেয়ার জেনারেল হাসপাতালের মালিক মোখলেছুর রহমানকে দেড় লাখ টাকা এবং এশিয়া স্পেশালাইজড জেনারেল হাসপাতালের মালিক সাইফুল ইসলামকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, চার বেসরকারি হাসপাতালকে ৮ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।