চার 'উত্ত্যক্তকারীর' বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে উত্ত্যক্তকারীরাই দম্পতিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহত দম্পতির পরিবার ও স্থানীয় লোকজন। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চার যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত সোমবার সকালে ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ ঘর থেকে গোলাম হোসেন (২৯) ও তাঁর স্ত্রী শিল্পী খাতুনের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিল্পীর বাবা আবদুস ছাত্তার চার যুবকের নাম উল্লেখ করে সোমবার রাতে রৌমারী থানায় মামলা করেছেন। সন্দেহভাজন আসামিরা হলেন একই গ্রামের মাজম আলী, শামছুল হক, আবদুল আউয়াল ও সানোয়ার হোসেন। হত্যাকাণ্ডের পর থেকে ওই যুবকেরা পলাতক রয়েছেন।
তবে তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে মূল তদন্ত চললেও দাম্পত্য কলহের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
নিহত শিল্পী খাতুনের বাবা আবদুস ছাত্তার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পূর্বে যে যুবকেরা বিভিন্নভাবে আমার মেয়েকে উত্ত্যক্ত করত, তাদের নাম সন্দেহজনক হিসেবে মামলায় উল্লেখ করেছি।’ তিনি বলেন, ‘আমি স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল কাদেরের ছেলে কামরুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করেছিলাম মামলায়। কিন্তু পুলিশ মামলা থেকে কামরুলের নাম বাদ দিতে বলেছে।’
এ প্রসঙ্গে কামরুল ইসলামের বাবা বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের বলেন, ‘আমার ছেলে থাকে রংপুরে। ঈদের পরের দিনই রংপুরে চলে গেছে। সে তো রৌমারীতে নাই। মিথ্যাভাবে তাকে কেন জড়ানো হবে।’
নিহত শিল্পীর মা মিলন বালা বলেন, ‘ওই বখাটেরা আমার মেয়েকে অসামাজিক কার্যকলাপের প্রস্তাব দিত। এ নিয়ে অভিযোগ করার কারণে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং স্বামী-স্ত্রী দুজনকে খুন করে।’
গতকাল মামলার আসামি চার যুবকের বাসায় গিয়ে দেখা যায় তাঁরা ঘটনার পর থেকে পলাতক। বাড়ির অন্য সদস্যরা কথা বলতে চাননি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বলেন, গোলাম হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন ও জিহ্বা বের হওয়া অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিল। তিনি বলেন, কয়েকটি বিষয়কে কেন্দ্র করে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে অনেক কিছু বোঝা যাবে।
মামলা থেকে আওয়ামী লীগ নেতার ছেলের নাম বাদ দেওয়া প্রসঙ্গে ওসি সাজেদুল বলেন, ‘আমরা নাম বাদ দিতে বলব কেন। বাদী যাদের বিরুদ্ধে অভিযোগ করবে আমরা সেটাই গ্রহণ করব। আমরা তদন্ত করে যাদের নাম পাব তাদের বিরুদ্ধেই আদালতে চার্জশিট প্রদান করব। পুলিশ পরিবারের সদস্যসহ এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে।’