চার 'ডাকাত', পাঁচ 'ভুয়া ডিবি' গ্রেপ্তার
রাজধানীর শাহাজাহানপুর ও মতিঝিল থানা এলাকা থেকে গত শুক্রবার নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ বেশি কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শাহাজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. বাবু, জহিরুল ইসলাম, নান্নু মিয়া ও হাসান মোল্লা। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি, একটি চাপাতি, দুটি ছুরি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন হুমায়ুন কবির, মো. রাসেল, সোহেল রানা, কামাল পারভেজ ও মুন্না। তাঁদের কাছ থেকে দুই সেট পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি সেট, দুটি রামদা, একটি ব্যাটারি চার্জার, একটি ক্রস বেল্ট, দুটি বাঁশি, দুটি পুলিশের বেল্ট, জুতা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তুতির জন্য একত্র হয়ে শলাপরামর্শ করছিলেন। ভুয়া ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তাঁরা কৌশলে বাসা-বাড়ি ও চলন্ত বাসে ডাকাতি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে শাহাজাহানপুর ও মতিঝিল থানায় তিনটি মামলা করা হয়েছে।