চারঘাটে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী চারঘাটের এক আখখেত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
ওই তরুণের নাম রাজন আলী (১৮)। তিনি উপজেলার নাওদাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি সরদহ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তাঁর পরিবারের বরাত দিয়ে চারঘাট থানার পরিদর্শক (তদন্ত ) সাজ্জাদ হোসেন জানান, আট-নয় মাস আগে রাজন আলী বিয়ে করেছিলেন। ১২ ডিসেম্বর স্ত্রীর ওপর রাগ করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। গতকাল সন্ধ্যার আগে স্থানীয় লোকজন নাওদাড়া মাঠের একটি আখখেতের মধ্যে তাঁর লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাজ্জাদ হোসেন জানান, লাশের পাশ থেকে বিষের প্যাকেট ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিষপানে তিনি আত্মহত্যা করেছেন।