চারঘাটে নিখোঁজ শিশুর কঙ্কাল উদ্ধার?
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পুড়াভিটা নামক এলাকা থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়। দিন দশেক আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা শিশুটির মাথার খুলি, হাড়গোড় ও কঙ্কাল উদ্ধার করেছি। তাকে দিন দশেক আগে হত্যা করে ফেলে রাখা হতে পারে। শেয়াল-কুকুরে তার শরীরের মাংস খেয়েছে।’ ওসি বলেন, কঙ্কালটি নিহত দেব কুমার পাহাড়িয়া নামের আট বছর বয়সী এক আদিবাসী শিশুর বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। সে পুড়াভিটা আদিবাসী গ্রামের শম্ভুনাথ পাহাড়িয়ার ছেলে।
নিবারণ চন্দ্র বলেন, দেব কুমার তার মায়ের সঙ্গে নানির বাড়িতে থাকত। মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। ১০ দিন আগে দেবের সৎ বাবা অনিল জামা কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। দেবের মা আরতি রানী পুড়াভিটা এলাকার স্থানীয় ব্যক্তিদের বিষয়টি জানিয়েছিলেন। কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে আরতি রানী ছুটে আসেন। যে বাঁশবাগানে লাশটি পড়ে ছিল তার পাশেই ওই শিশুর জামাকাপড় পাওয়া যায়, যা দেখে তাঁরা লাশটি দেব কুমারের বলে নিশ্চিত হন। তারপরও লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ১০ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই দেব কুমারের সৎ বাবা অনিল কুমার পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।