চারঘাটে ভেজাল গুড়ের কারখানায় অভিযান
রাজশাহীর চারঘাটে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ১৭ মণ গুড় ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে উদ্ধার করা ১০০ কেজি চিনি নিলামে বিক্রি করা হয়। এ সময় কারখানা ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর নির্বাহী হাকিম আলমগীর কবির ও শিমুল আক্তার। তাঁদের সহযোগিতা করেন রাজশাহীর পুলিশ লাইনসের সদস্যরা।
আদালত সূত্রে জানা গেছে, চারঘাটে খেজুরের ঝোলাগুড়, চিনি, কাপড়ের রং ও আটা দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছে—এ অভিযোগের ভিত্তিতে তাঁরা গতকাল শনিবার সকালে চারঘাট উপজেলার মেরামতপুর ও পরানপুর গ্রামের পাঁচটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ঝোলাগুড়, রং ও চিনি এবং এসব উপকরণ দিয়ে তৈরি ১৭ মণ ভেজাল গুড় জব্দ করেন। পরে জব্দ করা গুড় সেখানেই ধ্বংস করা হয়। উদ্ধার করা ১০০ কেজি চিনি নিলামে বিক্রি করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, খেজুরের গুড়ে যে রং ব্যবহার কাঁ হয়েছে, তা সাধারণত কাপড়ে ব্যবহার করা হয়। এ রং হাতে লাগলে কিছুতেই তোলা যাচ্ছে না। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।