চারজন খুন, দুই ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের ওসমানীনগর ও চাঁদপুরের ফরিদগঞ্জে গতকাল শনিবার এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগের দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুই ব্যক্তি খুন এবং কিশোরগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ওসমানীনগরে হত্যার শিকার এসএসসি পরীক্ষার্থীর নাম কয়েছ মিয়া (১৬)। সে পিয়ারপুর গ্রামের লালা মিয়ার ছেলে। ফরিদগঞ্জে নিহত ব্যক্তির নাম সুখরঞ্জন দাস (৫৭)। তাঁর বাড়ি বেয়ারীপুর গ্রামে। দাউদকান্দিতে নিহত দুজন হলেন নুসরাত জাহান (২৩) ও গিয়াস উদ্দিন (২৬)। নুসরাতের বাড়ি উপজেলা শহরের শাহাপাড়া এলাকায়। গিয়াসের বাড়ি সুন্দলপুর গ্রামে। কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা লাশটি হাসান মিয়া (২৯) নামের এক ব্যক্তির। তিনি বাজিতপুর উপজেলার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা। আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর থেকে উদ্ধার করা লাশটি অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫)।
প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সিলেট: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা-ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী কয়েছ মিয়াকে গতকাল কলেজ প্রাঙ্গণে বেলা তিনটার দিকে পূর্ববিরোধের জের ধরে সহপাঠী মতি মিয়া ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর সহপাঠীরা কয়েছকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল বলেন, কয়েছের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাউদকান্দি (কুমিল্লা): শাহাপাড়া এলাকায় নিহত নুসরাত জাহানের বাবা আজম খান বলেন, শুক্রবার রাতে কলহের জের ধরে নুসরাতকে তাঁর স্বামী উজ্জ্বল মিয়া নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে নুসরাত মারা যান। পরে তাঁর লাশের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। দাউদকান্দি থানার এসআই রঞ্জন কুমার ঘোষ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল সকালে পুলিশ নুসরাতের ঝুলন্ত লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নুসরাতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত গিয়াস উদ্দিনের বড় ভাই সালাহ উদ্দিন বলেন, গিয়াস আমিরাবাদ সেতুসংলগ্ন এলাকার ডলি আক্তার নামের দএক নারীর কাছে টাকা পেতেন। গতকাল দুপুরে ডলি টাকা দেওয়ার জন্য গিয়াসকে ডেকে পাঠান। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে গিয়াসকে কিল-ঘুষি মেরে ডলি ঘরের দরজা আটকিয়ে বেরিয়ে যান। ঘণ্টা খানেক পর ঘরের দরজা খুলে গিয়াসের ঝুলন্ত লাশ পাওয়া যায়। দাউদকান্দি থানার এসআই তপন কুমার বাগচী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ : হাসান মিয়া কিশোরগঞ্জ জজ আদালতের কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি জেলা শহরের ফিশারি রোডের একটি বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরের পর তাঁর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্ষের দরজা ভেঙে পুলিশ ফ্যানের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চাঁদপুর: ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কয়েকজনের সঙ্গে মাছ ধরার জন্য সুখরঞ্জন বাড়ি থেকে বের হন। তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। গতকাল বেলা ১১টার দিকে এলাকার লোকজন নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইলের খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয় লোকজন আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।