
জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ধরে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শেষে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে এক নারী ও তাঁর শিশুসন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, নিহত চারজন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন ওই বাড়িতে বসবাসকারী আবু কালাম ওরফে আবু (৩০)। অন্য তিনজন তাঁর সহযোগী, তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। ওই বাড়ি থেকে আবুর স্ত্রী সুমাইয়া খাতুন ও পাঁচ বছরের মেয়েকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি অক্ষত থাকলেও তার মা সুমাইয়ার পায়ে বোমার স্প্লিন্টার বা ছররা গুলির ক্ষত রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে
আবু কালাম নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
দুই দিনের অভিযান শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশের রাজশাহী অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) খুরশিদ হোসেন সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর গ্রামের আমবাগানের ভেতরের একটি বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে—এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার ভোরে বাড়িটি ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে গণমাধ্যমকর্মী ও আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
বুধবার পুলিশ জানিয়েছিল, বাড়িটিতে ওই গ্রামের বাসিন্দা আবু কালাম তাঁর স্ত্রী, এক সন্তান ও একাধিক সহযোগীসহ অবস্থান করছেন। ওই দিন বিকেলে ঢাকা পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু হয়। এরপর প্রচুর গুলি ও কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বুধবার রাত নয়টার দিকে অভিযান স্থগিত ঘোষণা করে পুলিশ।
গতকাল দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়। দুপুর ১২টার দিকে ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে মাইকে আহ্বান জানায় পুলিশ। কিন্তু এই আহ্বানে কেউ সাড়া দেয়নি। সাড়ে ১২টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এরপরই বাড়িটির দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের যেতে দেখা যায়।
বিকেল সোয়া চারটার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আবারও মাইকে আহ্বান জানায় পুলিশ। এরপর আবারও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাঁচটার দিকে হলুদ শাড়ি পরা এক নারীকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা যায়। ২০ মিনিট পর এক শিশুকে আরেকটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ওই বাড়িটির দুটি ঘরে চারটি লাশ পড়ে ছিল। একটি ঘরে তিনজন পুরুষের, আরেকটি ঘরে একজনের লাশ পাওয়া গেছে। আবুর স্ত্রী ও কন্যা সেখানেই ছিলেন। শিশুটি একেবারেই অক্ষত থাকলেও আবুর স্ত্রী সামান্য আহত হয়েছেন। কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বাড়ির ভেতর থেকে এই নারী ও শিশুকে উদ্ধার করে আনেন।
মহিবুল বলেন, বাড়ির ভেতর একটি পিস্তল ও কয়েকটি আইইডি বা হাতে তৈরি গ্রেনেড পাওয়া গেছে।
সাড়ে পাঁচটার দিকে সংবাদ ব্রিফিং করে অভিযান সমাপ্তির ঘোষণা দেন ডিআইজি খুরশিদ হোসেন। তিনি বলেন, চার জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে ‘অপারেশন ইগল হান্ট’ শেষ হয়েছে। আবু ছাড়া নিহত অপর তিনজনের পরিচয় আপাতত নিশ্চিত হওয়া যায়নি। চারজনই আত্মঘাতী হয়েছেন।
ডিআইজি বলেন, সাম্প্রতিককালে এটি সবচেয়ে সফল অভিযান। কারণ এই প্রথমবারের মতো কোনো অভিযানে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালেই ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ছাড়া সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে ছিলেন। লাশ উদ্ধারের জন্য সকাল থেকেই ডোম ও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে ঘটনাস্থলে বসিয়ে রাখা হয়।
সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাড়ির ভেতরে ফায়ার সার্ভিস প্রচুর পানি ছিটিয়েছে। তবে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যা সাতটার দিকে চারটি লাশ ‘বডি ব্যাগে’ ভরা হয়।
কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে আবুসহ চারজন পুরুষের ছিন্নভিন্ন লাশ রয়েছে। খালি চোখে লাশ দেখে মনে হচ্ছে তাঁরা আত্মঘাতী হয়েছেন। বাকিটা ময়নাতদন্তে জানা যাবে। নিহত অন্য তিনজন আবুর সহযোগী। তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শিবগঞ্জের যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, তার প্রায় আধা কিলোমিটার দূরেই নিহত আবুর নিজের বাড়ি। গত ফেব্রুয়ারি থেকে তিনি বিনা ভাড়ায় স্থানীয় সাইদুর রহমানের মালিকানাধীন বাড়িতে থাকছিলেন। ত্রিমোহনী আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করা আবু মসলার ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, আবুর সঙ্গীদের মধ্যে মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮) ও আবদুস সালাম (৩৫) নামের দুজনকে গত মঙ্গলবার রাতে শিবনগর থেকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
এ ছাড়া কানসাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা (৬৫), তাঁর দুই ছেলে সেরাজুল ইসলাম (৪০) ও আব্দুর রউফ (২৮) এবং তাঁর বাড়ির ভাড়াটে সুমন আলী ও মুনিরুল ইসলামকে বুধবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মোস্তফার স্ত্রী মোসলেমা বেগম। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম।
এর আগে গত মাসে চট্টগ্রামের সীতাকুণ্ড, সিলেট ও মৌলভীবাজারে পাঁচটি জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়। এসব অভিযানে নিহত হন ৫ শিশু, ৫ নারীসহ ১৯ জন। তাঁদের মধ্যে ১৬ জন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন বলে জানায় পুলিশ। এ ছাড়া সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে নিরাপত্তাবলয়ের মধ্যেই জঙ্গিদের ফেলে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন র্যাবের গোয়েন্দাপ্রধান আবুল কালাম আজাদ, পুলিশের দুই কর্মকর্তাসহ সাতজন।