চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজারে হাতবোমা ও ধারালো অস্ত্রসহ পেশাদার খুনি ও ডাকাত চক্রের চারজনকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় এই সন্ত্রাসীদের ছোড়া ককটেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাব্বি ওরফে টাইগার রাব্বি ও তাঁর সহযোগী আল আমিন, রুবেল ও আল-আমিন।
চকবাজার থানার ওসি আজিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে ইসলামবাগের বেড়িবাঁধসংলগ্ন বাগিচা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা হাতবোমা ছুড়লে সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম ও আবদুল জলিল এবং কনস্টেবল হামিদুর রহমান আহত হন। পরে পুলিশ ধাওয়া করে টাইগার রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দুটি হাতবোমা, দুটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চকবাজার ও লালবাগ এলাকায় হত্যা, ডাকাতি, চুরি, বোমা বিস্ফোরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাব্বি পেশাদার খুনি ও অপরাধ চক্রের দলনেতা। গত ১৮ জুলাই খুন চকবাজারে রনি নামে এক যুবককে হত্যা মামলার আসামিও টাইগার রাব্বি এবং তাঁর সহযোগীরা।