চারজনকে আসামি করে মামলা গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামারুল্লাহ গ্রামে গৃহবধূ রিপা আক্তারের শরীরে তরল দাহ্য পদার্থ ঢেলে আহত করার ঘটনায় মামলা হয়েছে। ওই গৃহবধূর স্বামী ফরিদ মিয়া বাদী হয়ে গত শনিবার রাতে চারজনের নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন নাজিম উদ্দিন (৫০), রমজান আলী (৩৫) মাছুম মিয়া (৩০) ও শরীফ মিয়া (৩৮)। তাঁদের বাড়ি একই গ্রামে। তাঁরা ওই দম্পতির দূর সম্পর্কের আত্মীয় হন। আটক শরীফ মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে বসতঘরের ঝাঁপ ভেঙে কয়েকজন রিপার শরীরে তরল পদার্থ ঢেলে দেয়। এরপরই তাঁর শরীরে প্রচণ্ড জ্বলুনি সৃষ্টি হয়। তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা ঘর থেকে বের হয়ে চলে যায়। দ্রুত তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ শনিবার দুপুরে শরীফ মিয়াকে আটক করে। ফরিদ মিয়া বলেন, বাড়ি-ভিটা ও ছোট একটি পুকুর মিলিয়ে তাঁর ৩৩ শতক জমি রয়েছে। দূর সম্পর্কের ওই চার আত্মীয় জোর করে জমি দখল করে নিতে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি গত ২৭ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।