সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার চারজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ ছাড়া পৃথক স্থান থেকে মানব পাচারকারী দুই দালালকে আটক করা হয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়াপাড়া এলাকার উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে বিজিবি সদস্যরা পাচারকারী দলের দালাল হোসেন আলীকে আটক করেন। তাঁর বাড়ি শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ায়। এ সময় চারজনকে উদ্ধার করা হয়। তাঁরা হলেন সুনামগঞ্জের দিরাইয়ের ওয়াসিম আলী (১৯), এখলাস মিয়া (৩৫), আবুল হোসেন (৪৫) ও ফরিদপুরের নগরকান্দার টিটুল গাজী (২৫)।
ওয়াসিম প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে তাঁদের বাসে করে কক্সবাজার শহরে আনা হয়। পরে আলী হোসেন তাঁদের বিদেশি জাহাজের কথা বলে টেকনাফে এনে জোর করে মাছ ধরার ছোট একটি নৌকায় তুলে দিচ্ছিলেন।
এদিকে বেলা দুইটার দিকে টেকনাফ থানার পুলিশ শাহপরীর দ্বীপ বাজার থেকে মো. ইসলাম নামের আরেক দালালকে আটক করা হয়। তাঁর বাড়ি শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, শীত মৌসুমে সাগর উপকূল শান্ত থাকায় মানব পাচারকারীরা আবার তৎপর হয়ে উঠেছে।
গত মে মাসে থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে পাচারের শিকার মানুষজনের বেশ কয়েকটি কবর আবিষ্কৃত হয়। এই প্রেক্ষাপটে দেশব্যাপী অভিযান চালানোর পর সাগরপথে মানব পাচার বন্ধ ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, আটক হোসেন আলী ও ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত মানব পাচারকারী ও একাধিক মামলার পলাতক আসামি। তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল (আজ) বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।