নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়াপাড়া ও বানিয়াতলী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের বাবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বাবু মিয়া ও মাঈনুদ্দীনসহ চার-পাঁচজনের একটি দল রামদা, ছেনা, টেঁটা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে সুমন মিয়াকে পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ ছাড়া উপজেলার সনমান্দি ইউনিয়নের বানিয়াতলী গ্রামের আইয়ুব আলীর সঙ্গে বন্দর উপজেলার ফুলহর গ্রামের তাজুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে আইয়ুব আলী, সাহা আলী, জয়নাল ও ইয়াসীন মিয়ার নেতৃত্বে একদল যুবক গতকাল দুপুরে হামলা চালিয়ে তাজুল ইসলাম ছাড়াও মোহাম্মদ আলী ও সুমন মিয়াকে পিটিয়ে আহত করে।