চারজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চারজনকে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই চার ব্যক্তি সাটুরিয়া থানায় গতকাল রাত আটটার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমকি পাওয়া চারজন হলেন সাটুরিয়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোর, স্থানীয় বালিয়াটি রাম কৃষ্ণ মিশনের মহারাজ (প্রধান) স্বামী পরিমুক্তানন্দ, উদীচীর উপজেলা সংসদের সভাপতি আবুল হোসেন এবং বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

পুলিশ ও হুমকি পাওয়া চারজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে ডাকযোগে সমরেন্দু সাহার কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে হুমকিদাতা হিসেবে এ বি টি (আনসারুল্লাহ বাংলা টিম) মানিকগঞ্জ শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে ওই চারজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাক।’ ওই চিঠির সঙ্গে কাফনের কাপড় হিসেবে এক টুকরো সাদা কাপড় পাঠানো হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘আনসারুল্লাহ বাংলা টিম’ নামে মানিকগঞ্জে কোনো শাখা আছে বলে আমার মনে হয় না। ভয়ভীতি সৃষ্টির উদ্দেশে ওই চিঠি পাঠানো হতে পারে। ওই ব্যক্তিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’