চারজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে পুলিশের ট্রাফিক কনস্টেবলসহ দুজন সড়ক দুর্ঘটনায় নিহত এবং বাকি দুজন আত্মহত্যা করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন ট্রাফিক কনস্টেবল মোজাফফর হোসেন (৪২) এবং জহিরউদ্দিন (৭০), জাকির হোসেন (৪১) ও আয়েশা ইসলাম (১৬)।
পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে মহাখালীর স্বাধীন বাংলা ফিলিং স্টেশনের কাছে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মোজাফফর হোসেন। এ সময় নিরালা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় পাশের মেট্রোপলিটান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।
সন্ধ্যায় মিরপুরের দিয়াবাড়ি এলাকায় মিনিবাসের ধাক্কায় মারা যান বৃদ্ধ জহিরউদ্দিন।
রাত ১০টার দিকে সুরিটোলায় একটি জুতার কারখানা থেকে ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় জাকির হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে জাকির আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
টিভি দেখতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে রামপুরা ওয়াপদা রোডের স্কুলছাত্রী আয়েশা ইসলাম বিকেলে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে রামপুরা কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।