‘কক্ষে চারজনের জায়গায় আমরা নয়জন থাকি। চারটি খাটে আটজন ও একজন ফ্লোরে (মেঝে)। সবার জামাকাপড় ও পড়ার টেবিল রাখছি গাদাগাদি করে। পরীক্ষার সময় রাতে কেউ পড়তে বসলে অন্যরা ঘুমাতে পারে না।’
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের এই দুর্বিষহ চিত্র বর্ণনা করছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী কানিজ সুলতানা। কলেজের দুটি ছাত্রীনিবাসেরই একই অবস্থা বলে তিনি জানালেন।
চট্টগ্রাম জেলার একমাত্র এই সরকারি মহিলা কলেজে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার অনেকে পড়তে আসেন। তবে ছাত্রীনিবাসে থাকার সুযোগ না পেয়ে ফিরেও যেতে হচ্ছে বহু শিক্ষার্থীকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজে ১০০ ও ১৪৪ আসনের দুটি ছাত্রীনিবাস আছে। কিন্তু এই দুটিতে থাকছেন প্রায় ৬০০ শিক্ষার্থী। আসন-সংকটের কারণে অর্ধেকেরও বেশি ছাত্রী মেঝেতে এমনকি টিভি-কক্ষেও বাস করছেন। এর বাইরে অপেক্ষমাণ তালিকায় রয়েছে প্রায় ৫০০ ছাত্রীর আবেদন। প্রতিটি আসনেই ইতিমধ্যে বাড়তি একজন করে অবস্থানের কারণে বর্তমানে ছাত্রীনিবাসে থাকার অনুমতি চেয়ে আবেদনকারী সবাইকেই মেঝেতে থাকার জন্য আসন বরাদ্দ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সুবীর দাশ প্রথম আলোকে বলেন, ‘হলে সিটের অভাবে ছাত্রীদের মানবেতরভাবে থাকতে হচ্ছে। প্রায় প্রতিটি কক্ষের ফ্লোরে ও টিভি-কক্ষে গাদাগাদি করে থাকছেন তাঁরা। আমাদের এক হাজার আসনের একটি ছাত্রীনিবাস জরুরি হয়ে পড়েছে। আসন-সংকটের কারণেই আমাদের বাধ্য হয়ে প্রথমে ফ্লোর বরাদ্দ দিতে হচ্ছে।’
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, পুরোনো ছাত্রীনিবাসের একটি কক্ষের মেঝেতে বিছানা পেতে পড়ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তুবিকা চাকমা। বাড়ি রাঙামাটি জেলায়। তিনি বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে মেঝের আসনটি পেয়েছি।’
কলেজশিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহিদ মাহমুদ জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দূরদূরান্তের অনেক ছাত্রীর হলে আসন-সংকটের কারণে আবার ফিরে যাওয়ার নজির রয়েছে।
আসন-সংকট ছাড়াও ছাত্রীনিবাসে আরও কয়েকটি সমস্যা রয়েছে। কলেজের ছাত্রীনিবাস, শ্রেণিকক্ষ ও প্রশাসনিক ভবনগুলো জরাজীর্ণ। ছাত্রীনিবাসের প্রতিটি কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে। জানালাগুলোর বেশির ভাগই নড়বড়ে। গতকাল দেখা যায়, প্রায় প্রতিটি কক্ষের সামনে ছোট-বড় বিভিন্ন আকারের প্লাস্টিকের পানির বালতি। সকালে ও বিকেলে দুই বেলা ওয়াসা পানি দেয়। সেই পানি ধরে রাখার জন্য ছাত্রীরা বালতি ব্যবহার করেন। তাঁরা জানালেন, এ ছাড়া শিক্ষকদের আবাসন, শ্রেণিকক্ষ ও কর্মকর্তা-কর্মচারীর সংকটও রয়েছে।
কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) এবং আটটি বিষয়ে স্নাতক (সম্মান) ও চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। বর্তমানে ছাত্রীসংখ্যা প্রায় সাত হাজার।