চারজনের জমি হুমকিতে ফেলে ঠিকাদার পালিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের শেখপাড়া এলাকায় ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু তোলায় নদসংলগ্ন চার ব্যক্তির প্রায় দুই একর জমি ভাঙনের কবলে পড়েছে। একটি সড়কের নির্মাণকাজের জন্য ঠিকাদার রবিউল ইসলাম ওই নদ থেকে বালু তুলছিলেন। পরে অবশ্য এলাকাবাসীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত মঙ্গলবার বালু তোলার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শেখপাড়া সেতুর পাশে গত ৩০ জুন সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি সড়কের নির্মাণকাজ শুরু হয়। এ কাজের জন্য ব্যবহৃত বালু অন্যত্র থেকে না কিনে সড়কটির নির্মাণকাজের ঠিকাদার রবিউল শ্যালো ইঞ্জিনচালিত মেশিন লাগিয়ে ঘাঘট নদ থেকে বালু তোলা শুরু করেন।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারকে নদ থেকে বালু তুলতে বারবার নিষেধ করার পরও তিনি জোর করে এ কাজ চালিয়ে যাচ্ছিলেন। ১০ দিন পরই নদসংলগ্ন চার ব্যক্তির প্রায় দুই একর আবাদি জমি ভাঙনের কবলে পড়ে। এ চারজন হলেন বাদশা মিয়া, আলমগীর হোসেন, লোকমান হোসেন ও আনিসুর রহমান। বালু তোলার ফলে নদের তীর দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় তাঁদের আবাদি জমি নদগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বাদশা মিয়ার ৪০ শতাংশ জমি ভাঙনের মুখে পড়েছে। এরই মধ্যে তাঁর অল্প কিছু জমি নদগর্ভে বিলীনও হয়েছে। তিনি বলেন, ঠিকাদারকে বালু তুলতে নিষেধ করার পরও জোর করে তিনি বালু তুলে যাচ্ছিলেন। এখন নদের তীরে ভাঙন দেখা দেওয়ায় ভবিষ্যতে এ জমি টিকিয়ে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে ভয় আছে।
আলমপুর হোসেনের ২২ শতাংশ আবাদি জমি হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘এই এলাকার একটি রাস্তার কাজের জন্য নদের এ অংশ থেকে ঠিকাদার বালু তুলছিলেন। জেলা প্রশাসনের কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করার পর তা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে আমাদের কয়েক পরিবারের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বাদশা ও আলমগীর ছাড়াও স্থানীয় লোকমান হোসেনের এক একর ও আনিসুর রহমানের ৩৩ শতাংশ (এক বিঘা) জমিও ভাঙনের মুখে পড়েছে।
৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান বলেন, ওই ঠিকাদারকে বালু তুলতে নিষেধ করা হয়েছিল। তা সত্ত্বেও তিনি বালু তোলা কার্যক্রম অব্যাহত রাখেন। পরে গ্রামবাসী প্রশাসনের কাছে অভিযোগ করেন। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত শ্যালো মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, এভাবে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল জব্দ করে বালু তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বালু উত্তোলনকারী রবিউল পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।
ঠিকাদার রবিউল ইসলামের সঙ্গে পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
২০১০ সালের বালুমহাল আইন অনুযায়ী, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকেও বালু ও মাটি তোলা নিষিদ্ধ।