নরসিংদীতে গত রোববার গভীর রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাঁদের লাশ নিয়ে গেছেন স্বজনেরা। বাকি তিনটি লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পরিচয় পাওয়া চারজন হলেন আড়াইহাজার উপজেলার দাইরাদি গ্রামের আমান মোল্লা (৩১), জোগারদিয়া গ্রামের আক্তার হোসেন (৩৫), নরসিংদী সদর উপজেলার নর কাঠালিয়া গ্রামের আইনুল হক ওরফে কবির (৩৬) এবং আলগি গ্রামের ইয়াসিন মিয়া (৩০)। আমান ও আক্তার আড়াইহাজার থানায় ডাকাতির মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে আইনুল ও ইয়াসিনের বিরুদ্ধে কোনো থানায় মামলা আছে কি না, তা নিশ্চিত হতে পারেনি তারা।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (আড়াইহাজার সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আক্তারের বিরুদ্ধে পাঁচটি ও আমানের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
তবে আমান ডাকাত ছিলেন না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী সালমা আক্তার। আমানের লাশ গ্রহণ করতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতাল মর্গের সামনে আসেন তিনি। সালমা জানান, টেলিভিশনে ছবি দেখে স্বামীর লাশ শনাক্ত করেন। সালমা বলেন, তাঁর স্বামী চার বছর দুবাইয়ে ছিলেন। আড়াই মাসের ছুটিতে দেড় মাস আগে দেশে আসেন। বন্ধুদের সঙ্গে বেড়ানোর কথা বলে রোববার সকালে ঘর থেকে বের হন আমান। তখন তাঁর হাতে দুটি স্বর্ণের আংটি, দামি মুঠোফোন ও দেহে আট হাজার টাকা দামের জ্যাকেট ছিল। স্বামী হারিয়ে এখন পাঁচ সন্তান নিয়ে কী করবেন, তা ভেবে দিশেহারা তিনি।
নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৭এর আগে বেলা পৌনে ১০টার দিকে আইনুলের লাশ গ্রহণ করেন তাঁর স্ত্রী সুলতানা বেগম। তিনি জানান, আইনুল নরসিংদীর একটি তাঁত কারখানার শ্রমিক ছিলেন। দুই দিন আগে তুচ্ছ বিষয়ে তাঁদের মনোমালিন্য হয়েছিল। এরপর রাগ করে চলে যান আইনুল। রাতে আর ঘরে ফেরেননি। আর গতকাল ভোরে আক্তারের লাশ বুঝে নেন স্ত্রী আকলিমা বেগম।
এ ছাড়া গতকাল সন্ধ্যার দিকে ইয়াসিনের লাশ গ্রহণ করেন তাঁর মা ফিরোজা বেগম।
পাঁচদোনায় স্বস্তি আর আতঙ্ক: গণপিটুনিতে সন্দেহভাজন সাত ডাকাত নিহত হওয়ায় ডাকাতের উৎপাতে অতিষ্ঠ নরসিংদী সদরের পাঁচদোনা ইউনিয়নের চাকশাল, ভাটপাড়া, কুলাইট ও কাগশিয়াবাসী কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। তবে আবার ডাকাতির আতঙ্কও রয়েছে। গতকাল গ্রামবাসী এমনটাই জানিয়েছে।
ভাটপাড়া সেচখাল এলাকায় কথা হয় পঞ্চাশোর্ধ্ব কাসেম আলীর সঙ্গে। তিনি বললেন, ‘ডেহাইতের ডরে অঘুমা থাকতে থাকতে অসুখ হইয়া গেছিল। আজকা দরজা খুইল্লা ঘুমাইছি।’
এলাকাবাসী জানান, গ্রামবাসীকে আসামি করে হত্যা মামলা হলেও এ নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন। বরং আবার ডাকাতেরা হানা দেয় কি না, সেই আতঙ্কে রয়েছেন তাঁরা।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি এসেছে সত্যি। কিন্তু আবার ডাকাতির আতঙ্ক কাজ করছে সবার মনে। গ্রেপ্তারের ভয়ও করছেন কেউ কেউ।
রহিমের জবানবন্দি: ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া আবদুর রহিম (৩৫) গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন। নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর আল মামুন তাঁর জবানবন্দি রেকর্ড করেন।